মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গত সোমবার সিঙ্গাইর উপজেলার জায়গীর ও গতকাল মঙ্গলবার ঘিওর উপজেলার তরা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন জেলার দৌলতপুর উপজেলার উত্তনারা গ্রামের দেহর আলীর ছেলে ফিরোজ হোসেন (১৮) ও সিঙ্গাইরের চারাভাঙ্গা গ্রামের রফিকুল ইসলাম (৩৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ভোরে শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাট থেকে মাছবোঝাই একটি পিকআপ ঢাকায় যাচ্ছিল। ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার তরা এলাকায় পিকআপটি অন্য একটি গাড়ির পেছনের অংশে ধাক্কা খায়। এ সময় পিকআপের সহকারী ফিরোজ ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে বরাঙ্গাইল হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল মর্গে পাঠায়। বরাঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আমির হোসেন বলেন, এ ঘটনায় ঘিওর থানায় মামলা হয়েছে।
এদিকে সোমবার রাতে ঢাকার সাভার থেকে মোটরসাইকেলে করে স্ত্রী জ্যোৎস্না বেগমকে নিয়ে রফিকুল ইসলাম সিঙ্গাইরের চারাভাঙ্গা গ্রামের বাড়িতে ফিরছিলেন। রাত সাড়ে নয়টার দিকে সিঙ্গাইর-হেমায়েতপুর সড়কের জায়গীর এলাকায় সাভারগামী মালবাহী একটি ট্রাক সামনে থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রফিকুল নিহত হন। এ ঘটনায় তাঁর স্ত্রী জ্যোৎস্না বেগমও আহত হন। তাঁকে সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে রফিকুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
সিঙ্গাইর থানার এসআই সজীব হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ট্রাকটি শনাক্ত করে চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।