মানিকগঞ্জে পেট্রলের সঙ্গে কেরোসিন মেশানোর অভিযোগ
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার একটি ফিলিং স্টেশনে পেট্রলের সঙ্গে কেরোসিন মিশিয়ে বিক্রির অভিযোগ উঠেছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন পরীক্ষার জন্য নমুনা হিসেবে গতকাল মঙ্গলবার দুপুরে ওই ফিলিং স্টেশন থেকে পাঁচ লিটার পেট্রল সংগ্রহ করে। মানিকগঞ্জ সদর থানার পুলিশ জানায়, স্থানীয় গ্রাহকেরা গতকাল বাসস্ট্যান্ড এলাকার মেসার্স সাত্তার অ্যান্ড সন্স নামের ফিলিং স্টেশন থেকে পেট্রল নিতে গিয়ে কেরোসিন মেশানো পেট্রল বিক্রির অভিযোগ তোলেন। এ নিয়ে গ্রাহকদের সঙ্গে ওই ফিলিং স্টেশনের কর্মীদের বাগিবতণ্ডা হয়। খবর পেয়ে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মোস্তফা কামাল ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজামেঞ্চল হক সেখানে আসেন। এ সময় গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে পাঁচ লিটার পেট্রলের নমুনা সংগ্রহ করে প্রশাসন। ফিলিং স্টেশনের মালিক আবদুস শহীদ খান দাবি করেন, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড থেকে তাঁদের এখানে অকটেন, পেট্রল ও ডিজেল সরবরাহ করা হয়। পেট্রলের সঙ্গে কেরোসিন মেশানোর অভিযোগ সত্য নয়। এ ব্যাপারে ইউএনও এস এম মোস্তফা কামাল বলেন, পেট্রল সংগ্রহ করে তা পরীক্ষার জন্য বিএসটিআইতে পাঠানো হয়। পরীক্ষায় অভিযোগের সত্যতা পাওয়া গেলে ফিলিং স্টেশনটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।