মানিকগঞ্জে পৌর নাগরিকদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে মানববন্ধন
মানিকগঞ্জে পৌর নাগরিকদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পৌর নাগরিক কল্যাণ সমিতিসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন। এতে প্রথম আলো বন্ধুসভার সদস্যরাও অংশ নেন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এতে পৌর নাগরিক কল্যাণ সমিতির সভাপতি গাজী কামরুল হুদা সেলিম, সোস্যাল অ্যাডভান্সমেন্ট সেন্টারের (স্যাক) নির্বাহী পরিচালক দীপক কুমার ঘোষ, নারীনেত্রী লক্ষ্মী চ্যাটার্জি, মানিকগঞ্জ বন্ধুসভার সভাপতি আমিনুর রহমান ও সাধারণ সম্পাদক মাহবুব আলম বক্তব্য দেন। সমাবেশে বক্তারা বলেন, গ্যাস-পানি-বিদ্যুতের সংকটে পৌরবাসী দুর্ভোগে রয়েছে। দীর্ঘদিন ধরে জেলার একমাত্র মুক্তিযোদ্ধা শিশুপার্কটি সংস্করণের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বক্তারা আরও বলেন, মানিকগঞ্জ শহর যানজটমুক্ত রাখতে ট্রাফিকব্যবস্থা জোরদার করতে হবে। শহরসংলগ্ন খালে ময়লা-আবর্জনা ফেলে পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। বক্তারা এসব সমস্যা দ্রুত সমাধানের দাবি জানান।