জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গতকাল বৃহস্পতিবার মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের শাকরাইল গ্রামের নারীসহ একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন: গ্রামের মৃত শুকুর আলীর ছেলে কফিল উদ্দিন (৪০), জসিম উদ্দিন (৩৫), আবদুর রাজ্জাক (২৮) ও রাজ্জাকের স্ত্রী শেফালী আক্তার (২০)। তাঁদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বসতবাড়ির সীমানা নিয়ে মৃত শুকুর আলীর স্ত্রী সখি বেগমের (৬৫) সঙ্গে তাঁর ভাই জহুর আলীর দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। গতকাল সকাল সাতটার দিকে এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সখি বেগমের ছেলে জসিমের ওপর ধারালো অস্ত্র নিয়ে জহুর আলী (৫৫), তাঁর ছেলে ফরহাদ (৩৫), জুলহাস (৩০), মেয়ে নাসরিন (২৫) ও তাঁর স্বামী সানোয়ার (৩৮) হামলা চালান। এ সময় জসিমকে উদ্ধারে তাঁর পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাঁরাও হামলার শিকার হন। স্থানীয় গড়পাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রেহাজ উদ্দিন বলেন, সখি বেগমের ১৩ শতকের ওই বসতবাড়িটি পৈতৃক সূত্রে পাওয়া। এর আগেও ওই বাড়ির সীমানা নিয়ে বেশ কয়েকবার সালিস-বৈঠক হয়েছে। সালিসে সখি বেগমই বৈধ দখলদার হিসেবে মীমাংসা হয়।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় আহত কফিলের স্ত্রী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। জহুর আলীর মেয়ের জামাই সানোয়ারকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।