মানিকগঞ্জে প্রতিমা ভাঙচুর ফরিদপুরে বাড়িতে আগুন
মানিকগঞ্জে গত শনিবার রাতে একটি মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ফরিদপুরে সংখ্যালঘু হিন্দু পরিবারের একটি বাড়ি এদিন পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ দাবি করেছে, বিড়ি-সিগারেট থেকেই আগুন লাগতে পারে। খুলনায় সংখ্যালঘুদের আরেক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ঝালকাঠির রাজাপুরে সংখ্যালঘু পরিবারের বাড়ি দখলের ঘটনায় ২০-২৫ জনকে আসামি করে মামলা হয়েছে।
আমাদের মানিকগঞ্জ, ডুমুরিয়া ও ঝালকাঠি প্রতিনিধি এবং ফরিদপুর অফিস-এর পাঠানো খবর:
ফরিদপুর সদরের ঈশান চানপুর গ্রামের শৈলেশ ঘোষের বাড়িতে শনিবার দিবাগত রাত ১২টার দিকে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শৈলেশ ঘোষ পরিবার নিয়ে ফরিদপুর শহরে বসবাস করেন।
বাড়ির পাশে থাকেন শৈলেশ ঘোষের ভাই বাসু ঘোষ। তিনি বলেন, ‘ওই সময় হঠাৎ জিনিসপত্র পুড়ে যাওয়ার শব্দ শুনে আমরা বাইরে এসে দেখি, দাদার ঘর পুড়ছে। আগুন যে কেউ লাগিয়ে দিয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।’
শৈলেশ ঘোষও অভিযোগ করেন, ‘বাড়িতে আগুন লাগানো হয়েছে। বাড়িতে বিদ্যুতের সংযোগ নেই যে শটসার্কিট থেকে আগুন লাগবে।
ফরিদপুর দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা সুভাষ বাড়ই বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, এলাকার লোকজন ওই ঘরে তাস খেলতেন। তাঁদের ফেলে দেওয়া বিড়ি-সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটতে পারে।’
আগুন লাগানোর অভিযোগ নাকচ করে ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুজ্জামান বলেন, ‘বিড়ি-সিগারেট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।’
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার শাহরাইল গ্রামের মাঝিপাড়ায় কালীমন্দিরের দুটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও মন্দির পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় মন্দিরে বার্ষিক পূজা-অর্চনা চলাকালে মদ্যপ অবস্থায় স্থানীয় কিছু যুবক এসে উচ্ছৃঙ্খল আচরণ করতে থাকেন। এ সময় তাঁদের নিবৃত্ত করার চেষ্টা চালান কমিটির লোকজন। এ নিয়ে দুই পক্ষের বাগিবতণ্ডা শেষে যুবকেরা চলে যান। পরে গতকাল ভোরে এলাকাবাসী মন্দিরের দুটি প্রতিমা ভাঙা ও এগুলোর অংশবিশেষ পাশের ডোবায় দেখেন।
ডুমুরিয়ায় ডাকাতি: খুলনার ডুমুরিয়া উপজেলার তেলিখালী গ্রামে একটি হিন্দুবাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ৪০ হাজার টাকা ও ছয় ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে বলে দাবি করেছেন গৃহকর্তা।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১২টার পর চার-পাঁচজন ডাকাত অস্ত্রশস্ত্র নিয়ে গ্রামের অম্বরিশ বৈরাগীর বাড়িতে হানা দেয়। ডাকাতেরা বাড়িতে ঢুকে আলমারি থেকে ওই অর্থ ও স্বর্ণালংকার নিয়ে চলে যায়।
বসতভিটা দখলের ঘটনায় মামলা: ঝালকাঠির রাজাপুরে সম্প্রতি অমিয় বালা নামের এক নারীকে মারধর এবং তাঁর বসতভিটা দখল করে নেওয়ার ঘটনায় স্থানীয় থানায় মামলা হয়েছে। ঘটনার ছয় দিন পর গতকাল অমিয় বালা মামলাটি করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, দোষীদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।