মানিকগঞ্জে ফুটপাতেই চলছে দলিল লেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ সদর সাব-রেজিস্ট্রি কার্যালয়ের দলিল লেখকেরা কর্মস্থল নিয়ে বিপাকে রয়েছেন। জায়গা না থাকায় ফুটপাতে চেয়ার-টেবিল পেতে দলিল সম্পাদনা করে আসছেন। ছবিটি গত মঙ্গলবার দুপুর ১২ টার দিকে তোলা l প্রথম আলো
মানিকগঞ্জ সদর সাব-রেজিস্ট্রি কার্যালয়ের দলিল লেখকেরা কর্মস্থল নিয়ে বিপাকে রয়েছেন। জায়গা না থাকায় ফুটপাতে চেয়ার-টেবিল পেতে দলিল সম্পাদনা করে আসছেন। ছবিটি গত মঙ্গলবার দুপুর ১২ টার দিকে তোলা l প্রথম আলো

মালিকানা নিয়ে বিরোধের জেরে ছাড়তে হয়েছে ভাড়া বাড়ি। বিকল্প কোনো জায়গা মিলছে না। তাই মানিকগঞ্জ সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনের ফুটপাতে দলিল লেখকেরা খোলা আকাশের নিচে চেয়ার-টেবিল ফেলেছেন। সেখানে চলছে দলিল লেখার কাজ।
কয়েকজন দলিল লেখক প্রথম আলোকে বলেন, এখানে প্রতি রবি, সোম ও মঙ্গলবার দলিল নিবন্ধন (রেজিস্ট্রি) করা হয়। প্রতিদিন গড়ে ৫০-৬০টি দলিল নিবন্ধন করা হয়। এতে প্রতি সপ্তাহে ছয়-সাত লাখ টাকা রাজস্ব আদায় হয়। দলিল লেখা ও স্ট্যাম্প ভেন্ডারের সঙ্গে অন্তত দেড় শ মানুষ যুক্ত আছেন। তাঁদের মধ্যে সনদপ্রাপ্ত দলিল লেখক আছেন ৯০ জন, তাঁদের সহকারী ৬০ জন ও স্ট্যাম্প
ভেন্ডার ২০ জন। কিন্তু তাঁদের জন্য কোনো নির্ধারিত স্থান নেই, ভবন নেই।
সদর উপজেলা দলিল লেখক সমিতি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে খোলা আকাশের নিচে ফুটপাতে বসে কার্যক্রম চালাতেন দলিল লেখকেরা। ২০০৯ সালে জেলা শহরের শহীদ রফিক সড়কের সরকারি মহিলা কলেজের পাশে দুটি আধা পাকা ঘরের ২০টি কক্ষ ভাড়া নিয়ে তাঁদের কার্যক্রম চলে। তবে সম্প্রতি ওই ঘরের জায়গা নিয়ে মালিকপক্ষের ওয়ারিশদের মধ্যে বিরোধ দেখা দেয়। দুটি ঘরের প্রবেশপথ আটকে সাত-আট দিন আগে মাঝামাঝি সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে। এ কারণে দলিল লেখকদের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর বিকল্প কোনো স্থান না পাওয়ায় জেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে খোলা আকাশের নিচে ফুটপাতে চেয়ার-টেবিল নিয়ে বসেন দলিল লেখকেরা।
দলিল লেখক শমসের আলী বলেন, ‘কষ্ট হলেও বিকল্প উপায় না থাকায় কোনোরকমে এখানে আছি। বৃষ্টি হলেই কাগজপত্র নিয়ে দৌড়াতে হয়।’
উপজেলা দলিল লেখক সমিতি এবং সদর উপজেলার জাগীর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, ‘ফুটপাতে কোনোরকমে বসে দলিল লিখে আসছি। এতে সরকারের লাখ লাখ টাকা রাজস্ব আদায় হচ্ছে। অথচ আমাদের বসে কাজ করার মতো কোনো জায়গা ভাড়াও পাচ্ছি না। পেলে আমরা নিজেরাই ঘর তুলে কার্যক্রম চালাতে পারতাম।’
গত মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, জেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে ফুটপাতে গাদাগাদি করে চেয়ার-টেবিল পেতে বসেছেন দলিল লেখকেরা। প্রখর রোদ থেকে রক্ষা পেতে কেউ কেউ মাথার ওপর ছাতা টাঙিয়েছেন। এ ছাড়া বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে কেউবা
আবার মাথার ওপর পলিথিন টানিয়েছেন।
জেলা সাব-রেজিস্ট্রার শাহাদত হোসেন ভূঁইয়া বলেন, দলিল নিবন্ধন তো বন্ধ করা যাবে না। এ কারণে অস্থায়ীভাবে তাঁদের সেখানে বসতে দেওয়া হয়েছে। স্থানীয় সাংসদ এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেকের চেষ্টায় এই রেজিস্ট্রার কার্যালয় হয়েছে। সমিতির দলিল লেখকেরা প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এই কর্মস্থলের জায়গার সমস্যার সমাধান করতে পারেন।