মানিকগঞ্জে বখাটের হাতে শিক্ষিকা লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক বখাটের হাতে লাঞ্ছিত হয়েছেন মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা। পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে ওই বখাটে তাঁকে চুল ধরে টেনে-হিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে মারধর করেন। গত মঙ্গলবার উপজেলার বরঙ্গাখোলা এলাকায় এ ঘটনা ঘটে। বরঙ্গাখোলা গ্রামের বাসিন্দা ওই শিক্ষিকা অভিযোগ করেন, স্কুলজীবন থেকে ইমরান নামের এক প্রতিবেশী বখাটে যুবক তাঁকে উত্ত্যক্ত করে আসছেন। ঢাকার ইডেন কলেজে লেখাপড়া করার সময়ও সেখানে গিয়ে ইমরান তাঁকে উত্ত্যক্ত করতেন। সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে চাকরি হওয়ার পর তাঁর উৎপাত বেড়ে যায়। এ ব্যাপরে ইমরানের অভিভাবকদের কাছে একাধিকবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। মানিকগঞ্জ সদর থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল নয়টার দিকে ওই শিক্ষিকা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাকেন্দ্রে কর্তব্য পালনের জন্য একটি ট্যাক্সিতে করে উপজেলার মুলজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। বরঙ্গাখোলা সেতুর কাছে ইমরান হঠাৎ চলন্ত ট্যাক্সিতে উঠে তাঁর চুল ধরে টানা-হেঁচড়ে করতে থাকেন। একপর্যায়ে চালক গাড়ি থামিয়ে দেন। এরপর ইমরান তাঁকে চুল ধরে টেনে-হিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে মারধর করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ইমরান পালিয়ে যান। মুঠোফোনে যোগাযোগ করা হলে ইমরান জানান, তিনি ওই শিক্ষিকাকে ভালোবাসেন। বর্তমানে ওই শিক্ষিকা তাঁকে এড়িয়ে চলছেন বলে ক্ষোভে তাঁকে লাঞ্ছিত করেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপরে লিখিত একটি অভিযোগ পাওয়া গেছে। ইমরানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।