মানিকগঞ্জে বজ্রপাত ও নৌকাডুবির ঘটনায় তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় গতকাল মঙ্গলবার বজ্রপাত ও নৌকাডুবির ঘটনায় তিনজন মারা গেছেন। আহত হয়েছেন দুজন। এলাকাবাসী জানান, গতকাল দুপুরে প্রচণ্ড ঝড়, প্রবল বর্ষণ ও বজ্রপাত হয়। এ সময় বজ্রপাতে হরিরামপুরের শিকারিপাড়া ষাটঘর গ্রামের হারুন ব্যাপারী (৫০) মারা যান। তিনি ঘরের বারান্দায় বসা ছিলেন। এ ছাড়া ঝড়ের সময় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন এনায়েতপুর গ্রামের সোহরাব (২০)। দাশকান্দি গ্রামের নিরোদ সাহার স্ত্রী লক্ষ্মী সাহা (৩৫) ও তাঁর ছেলে সুভাষ সাহা (১২) ঘরের বারান্দায় বসা অবস্থায় বজ্রপাতে আহত হয়েছে। তাদের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় লোকজন জানান, চর এনায়েতপুর এলাকায় পদ্মা নদী পার হওয়ার সময় ঝড়ের কবলে পড়ে একটি খেয়া ডুবে যায়। এতে পানিতে ডুবে দৌলতপুরের রঘুনাথপুর গ্রামের মোফাজ্জেল মোল্লা (৩০) মারা যান। দুই ঘণ্টা পর তাঁর লাশ উদ্ধার করা হয়। দৌলতপুরের আজিমনগর ইউনিয়ন পরিষদের সদস্য মমিন উদ্দিন জানান, ঝড়ে হাতিঘাটা চরে প্রায় ৫০টি কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে।