মানিকগঞ্জে বজ্রপাতে দুই ছাত্রসহ নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চর জামালপুর গ্রামে গতকাল রোববার দুপুরে পৃথক বজ্রপাতের ঘটনায় দুই ছাত্রসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

নিহত ছাত্ররা হলেন সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের হরগজ চরপাড়া গ্রামের মনমোহন সরকারের ছেলে নিতাই সরকার (১৬) ও একই গ্রামের প্রয়াত গণেশ সরকারের ছেলে জয়ন্ত সরকার (১২)। নিতাই স্থানীয় হরগজ শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণি ও জয়ন্ত হরগজ চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। নিহত অন্যরা হলেন সিঙ্গাইর উপজেলার বায়রা ইউনিয়নের জামালপুর মধ্যপাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে আবদুল বারেক (৪২), একই গ্রামের মৃত রওশন আলীর ছেলে আসলাম হোসেন (৪০) ও মৃত সমন আলীর ছেলে তাহের আলী (৩৮)। তাঁরা সবাই কৃষক।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সকালে সিঙ্গাইরের চর জামালপুর গ্রামে বোরো ধান কাটতে যান ১০-১২ জন কৃষক। বেলা আড়াইটার দিকে বৃষ্টিপাত শুরু হলে তাঁরা বোরোখেতে সেচযন্ত্রের ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাহের আলী নিহত হন। এ ঘটনায় আবদুল বারেক, আসলাম হোসেন এবং একই গ্রামের কৃষক ইউনুস আলী, ফজলু মিয়া, আমের আলী, হোসেন আলী ও ইদ্রিস আলী আহত হন। তাঁদের মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়ার পথে বারেক ও আসলাম মারা যান।

স্থানীয় বায়রা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আক্কাস আলী বলেন, আহত ব্যক্তিদের মধ্যে ফজলু ও আমের আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্য তিনজনকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই দিন বেলা তিনটার দিকে হরগজ চরপাড়া গ্রামে বাড়ির কাছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে বাড়ির পাশে গরুর জন্য ঘাস কাটতে যায় দুই ছাত্র নিতাই ও জয়ন্ত। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

স্থানীয় হরগজ ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মোশারফ হোসেন ভুঁইয়া বলেন, ওই দুই ছাত্রের মৃত্যুতে পরিবার দুটিতে চলছে শোকের মাতম।