মানিকগঞ্জে বন্যার্তদের সহায়তায় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। গতকাল বৃহস্পতিবার জেলার দৌলতপুর উপজেলার বিভিন্ন দুর্গম চরাঞ্চলসহ বিভিন্ন এলাকার বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

গতকাল দুপুর ১২টার দিকে দৌলতপুরের নদীভাঙন-কবলিত এলাকা জিয়নপুর ইউনিয়নের এস কে উচ্চবিদ্যালয় মাঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও স্থানীয় সাংসদ নাঈমুর রহমান দুর্জয়ের উদ্যোগে শিল্প গ্রুপ পিএইচপি ফ্যামিলি, ম্যাক্স গ্রুপ ও অ্যাপোলো ইস্পাত লিমিটেডের সহযোগিতায় পাঁচ শ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।

এদিকে গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত দৌলতপুরের দুর্গম চরাঞ্চল বাচামারা, বাঘুটিয়া ও চরকাটারি ইউনিয়নের বানভাসি মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করে বসুন্ধরা শিল্পগ্রুপ। প্রতিটি ইউনিয়নে এক হাজার করে মোট তিন হাজার বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় সাংসদ নাঈমুর রহমান, বসুন্ধরা শিল্পগ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের উপদেষ্টা মাহবুব মোর্শেদ হাসান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিকেলে জেলা সদরের সাগরদিঘী গ্রামে বন্যার্ত ৬৫টি পরিবারকে ত্রাণ দেয় যুব সংগঠন ইয়ুথ এন্ডিং হাঙ্গার। এ সময় উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা শাখার সভাপতি দীপক ঘোষ, উত্তরণের সভাপতি বিমল রায়, ইয়ুথ এন্ডিং হাঙ্গারের জেলা শাখার সভাপতি এম আর লিটন, দি হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারী আবদুস সালাম প্রমুখ।