মানিকগঞ্জে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি

যমুনার পানি কমলেও এ নদীর তীরবর্তী মানিকগঞ্জে নতুন নতুন এলাকা বন্যাকবলিত হয়েছে। গত তিন দিনে জেলার ছয়টি উপজেলার অন্তত ৩৫টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে কয়েক হাজার হেক্টর জমির ফসল, অসংখ্য পুকুর ও মাছের ঘের, কাঁচা-পাকা রাস্তা ও শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা সদরের সঙ্গে একটি উপজেলার বাস চলাচল বন্ধ হয়ে গেছে।
জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গত দুই দিনে যমুনা নদীর শিবালয়ের আরিচা পয়েন্টে পানি কমলেও তা বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। যমুনার শাখা নদী ধলেশ্বরী, ইছামতী ও কালীগঙ্গায় পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে গতকাল দৌলতপুর, শিবালয়, হরিরামপুর, ঘিওর, সাটুরিয়া ও জেলা সদরের নতুন নতুন এলাকা প্লাবিত হয়। বিকেল পাঁচটায় সর্বশেষ পাওয়া খবরে, ছয়টি উপজেলার ৩৫টি ইউনিয়নের ৪৯ হাজার ৫৭৭টি পরিবার বন্যাকবলিত হয়ে পড়ে। এ ছাড়া পানিতে ডুবে যাওয়ায় ২৫৯টি স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বন্যায় ১৬ হাজার ২৩৫ হেক্টর জমির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে রোপা আমনের বীজতলা ৭০, রোপা আমন ৯৫০, বোনা আমন ১৪ হাজার ৫০, আউশ ২০০, সবজি ৩৫০, ভুট্টা ১৬৫ ও বাকি ৪৫০ হেক্টর অন্যান্য ফসল নষ্ট হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা নূরতাজুল হক বলেন, বন্যার পানিতে মৎস্য খামারিদের ব্যাপক ক্ষতি হয়েছে। গত কয়েক দিনে ছয়টি উপজেলার ২ হাজার ৬৩৬টি পুকুর ও মাছের ঘের তলিয়ে গেছে। এতে ৬৬২ মেট্রিক টন মাছ ও ৯০ লক্ষাধিক পোনা বের হয়ে গেছে। এতে মাছচাষি ও খামারিরা ক্ষতির মুখে পড়েছেন।

জেলা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী গাউস-উল-হাসান বলেন, গত সোমবার থেকে বানিয়াজুরী-হরিরামপুর সড়কের প্রায় ২৫ কিলোমিটারের মধ্যে ১৪ কিলোমিটারে পানি উঠে যায়। দুর্ঘটনা এড়াতে গতকাল মঙ্গলবার সকাল থেকে সড়কটিতে বাস, ট্রাকসহ ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে জেলা সদরের সঙ্গে হরিরামপুর উপজেলা সদরের সড়ক যোগাযোগ অনেকটা বিচ্ছিন্ন রয়েছে। এ ছাড়া বানিয়াজুরী-জাবরা-ঘিওর সড়কের কয়েকটি স্থানে পানি ওঠায় যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে বলে স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) সূত্র জানায়।
পাউবো সূত্রে জানা গেছে, জেলা শহর রক্ষা বাঁধের বেউথায় ও সদর উপজেলার কাইশাখালী এলাকায় ঢাকা-মানিকগঞ্জ দক্ষিণ-পশ্চিমাঞ্চল বন্যানিয়ন্ত্রণ বাঁধ দিয়ে গত শনিবার পানি ঢুকে পড়ে। জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ বলেন, গত রোববার বাঁধের ক্ষতিগ্রস্ত দুটি স্থানে বালুর বস্তা ফেলা হয়।
এ ছাড়া পানির স্রোতে ছয় উপজেলার বিভিন্ন স্থানে কাঁচা-পাকা রাস্তাঘাট, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অসংখ্য বসতভিটা ও ঘরবাড়িরও ক্ষতি হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সামছুল হক পাটোয়ারী বলেন, প্রতিনিয়ত রাস্তাঘাট ও স্কুল-কলেজের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। তবে বন্যা-পরবর্তী সময়ে এর হিসাব করে সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস বলেন, বন্যাদুর্গত মানুষের সহায়তার জন্য সরকারের পক্ষ থেকে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। বন্যাকবলিত পরিবারগুলোর মধ্যে গতকাল পর্যন্ত ৩৭৫ মেট্রিক টন চাল ও ৩২ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে।
এদিকে হরিরামপুর উপজেলায় পদ্মা নদীর দুর্গম চরাঞ্চলে বন্যাদুর্গত মানুষের মাঝে গতকাল ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। পুলিশ সুপার (এসপি) মাহফুজুর রহমানের ব্যক্তিগত তহবিল উপজেলার ছয় শ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। এসপি বলেন, বন্যাদুর্গত মানুষের সহায়তায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালী ও শিল্পপতিদের এগিয়ে আসা উচিত। এতে অসহায় মানুষের কিছুটা হলেও কষ্ট লাঘব হবে।