মানিকগঞ্জে বসুন্ধরার শ্রমিকদের মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎসব ভাতা বাড়ানোর দাবিতে মানিকগঞ্জে বসুন্ধরা স্টিল কমপ্লেক্স লিমিটেডের শ্রমিকেরা গতকাল শনিবার বিক্ষোভ করেছেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা পরে কারখানার সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। ফলে সেখানে তীব্র যানজটের সৃষ্টি হয়। আধা ঘণ্টা পর পুলিশ তাঁদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।পুলিশ ও কারখানার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ সদর উপজেলার চরখন্ড-গোলড়া এলাকায় অবস্থিত বসুন্ধরা গ্রুপের ওই কারখানাটি জিআই পাইপ ও রড উৎপাদন করে থাকে। কারখানাটিতে এক হাজার ৩০০ জন শ্রমিকের মধ্যে ৯২৪ জনই অনিয়মিত। এসব অনিয়মিত শ্রমিকের মধ্যে বছরে যাঁরা ১২০ বা তার অধিক কার্যদিবসে হাজির থাকেন, তাঁদের উৎসব ভাতা হিসেবে দেওয়া হয় এক হাজার টাকা। আর ১২০ দিনের কম হলে তাঁদের দেওয়া হয় ৫০০ টাকা। উৎসব ভাতা এত কম হওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও কারখানার শ্রমিক সূত্রের বিবরণ অনুযায়ী, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার মূল ফটকের সামনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে তাঁরা উৎসব ভাতা বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন। আটটার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার সামনে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে ব্যস্ততম এ মহাসড়কটির উভয় পাশে বাস-ট্রাকসহ কয়েক শ যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যাত্রী ও যানবাহন শ্রমিকেরা চরম দুর্ভোগে পড়েন। খবর পেয়ে সাড়ে আটটার দিকে মানিকগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। শ্রমিকেরা পরে কারখানার ভেতরে গিয়ে বিক্ষোভ করতে থাকেন। সকাল ১০টার দিকে কারখানাটির মালিকপক্ষের প্রতিনিধি ও কর্মকর্তারা শ্রমিকদের নিয়ে সমঝোতা বৈঠকে বসেন। বৈঠকে দাবি পূরণের আশ্বাস দেওয়া হলে শ্রমিকেরা বিক্ষোভ বন্ধ করে কাজে যোগ দেন। কয়েকজন শ্রমিক জানান, অনিয়মিত শ্রমিকদের যে উৎসব ভাতা দেওয়া হয়, তা দিয়ে বর্তমানে কিছুই হয় না। এ জন্য তাঁরা মাসিক মূল বেতনের সমপরিমাণ উৎসব ভাতা দাবি করে আসছেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ দাবি না মানায় তাঁরা আন্দোলনে যেতে বাধ্য হন। কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, ঈদুল ফিতর উপলক্ষে তাঁদের যে উৎসব ভাতা দেওয়া হয়, তা থেকেও কারখানার কর্মকর্তারা কিছু কেটে রাখেন। তবে অভিযোগ অস্বীকার করে কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা এ কে এম খালেদ খসরু বলেন, উৎসব ভাতার পুরোটাই শ্রমিকদের দিয়ে দেওয়া হয়। শ্রমিক অসন্তোষের বিষয়ে কারখানার মহাব্যবস্থাপক মাকসুদুল করিম বলেন, অন্যান্য কারখানার চেয়ে এই কারখানার শ্রমিকদের বেতন-ভাতা থেকে শুরু করে সব ধরনের সুযোগ-সুবিধা ঠিকমতো দিয়ে থাকে। শ্রমিকদের দাবি-দাওয়া মেনে নেওয়া হয়েছে। অনিয়মিত সব শ্রমিককে যথাসময়ে এক হাজার ৫০০ টাকা উৎসব ভাতা দেওয়া হবে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বলেন, কারখানা কর্তৃপক্ষ উৎসব ভাতা বাড়ানোর দাবি মেনে নেওয়ায় শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন।বকেয়া বেতনের দাবি: নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকায় অবস্থিত ‘র‌্যাক গার্মেন্ট’ নামের রপ্তানিমুখী পোশাক কারখানায় প্রায় ৭০০ শ্রমিক কাজ করতেন। শ্রমিকদের দুই মাসের বকেয়া বেতন পরিশোধ না করেই ৯ আগস্ট কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শনিবার সকালে শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে শহরে আসেন। এরপর তাঁরা শহরে অবস্থিত বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) কার্যালয় ঘেরাও করেন। একপর্যায়ে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান নেন।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেএমইএর নেতারা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে শ্রমিকেরা শান্ত হন।