মানিকগঞ্জে বাম মোর্চার সমাবেশে ছাত্রলীগের হামলার অভিযোগ
মানিকগঞ্জে স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়ে গণতান্ত্রিক বাম মোর্চার পূর্বনির্ধারিত সমাবেশ পণ্ড করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাঁরা ভাঙচুরও চালান। এর প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিবাদ সভা করেছে সংগঠনটি। গতকাল রোববার দুপুরে জেলা কালেক্টরেট ভবনের সামনে ওই সমাবেশের আয়োজন করা হয়েছিল। তবে ছাত্রলীগ অভিযোগ অস্বীকার করেছে।জনজীবনের দুর্ভোগ দূর করা এবং শাসক-শ্রেণীর রাজনীতির বাইরে বাম বিকল্প শক্তি গড়ে তোলার আহ্বানে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এ সমাবেশ হওয়ার কথা ছিল।প্রত্যক্ষদর্শী ও সমাবেশ আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ, গ্যাস, পানি ও জ্বালানি সমস্যার সমাধানসহ জনজীবনের দুর্ভোগ দূর করার দাবিতে গতকাল দুপুর ১২টার দিকে জেলা কালেক্টরেট ভবনের সামনে গণতান্ত্রিক বাম মোর্চা এক সমাবেশের আয়োজন করে। এ উপলক্ষে বেলা ১১টার দিকে গণসংহতি আন্দোলনের স্থানীয় নেতা-কর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে সমাবেশস্থলের সামনে অবস্থান নেন। নেতারা অভিযোগ করেন, দুপুর পৌনে ১২টার দিকে জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও সরকারি দেবেন্দ্র কলেজের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু আহমেদসহ ২০-২৫ জন ছাত্রলীগের কর্মী সমাবেশ স্থলে এসে অতর্কিতে হামলা চালান। এ সময় তাঁরা চেয়ার ভাঙচুর করেন এবং ফেস্টুন ও ব্যানার ছিঁড়ে ফেলেন। যাওয়ার সময় সমাবেশ বন্ধের হুমকি দিয়ে যান তাঁরা। ঘটনার প্রতিবাদে ওই স্থানেই তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করে বাম মোর্চা। গণসংহতি আন্দোলনের জেলার সমন্বয়কারী মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন গণতান্ত্রিক বাম মোর্চা ও বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশিদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী এবং বাংলাদেশ কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম। হামলার অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের নেতা মোস্তাফিজুর রহমান বলেন, ‘হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেনি। সমাবেশস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় তাঁরা বর্তমান সরকারকে উদ্দেশ করে উস্কানিমূলক কথাবার্তা শুনতে পান। এ নিয়ে তাঁদের সঙ্গে কথা-কাটাকাটির ঘটনা ঘটে। এর বেশি কিছু হয়নি।’মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগ করেননি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।