মানিকগঞ্জে বার্ড ফ্লু, আরও ২২ হাজার মুরগি নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে আরও একটি পোলট্রি খামারে বার্ড ফ্লুর সংক্রমণ দেখা দিয়েছে। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত পৌর এলাকার গ্রিনভ্যালি অ্যাগ্রো হ্যাচারি নামের ওই খামারের বার্ড ফ্লু আক্রান্ত প্রায় ২২ হাজার মুরগি নিধন করা হয়েছে। এ ছাড়া ধ্বংস করা হয়েছে ছয় হাজারের বেশি ডিম। সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে ওই খামারে মড়ক দেখা দেয়। বিষয়টি ওই খামার কর্তৃপক্ষ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের জানায়। মঙ্গলবার সকালে মানিকগঞ্জ আঞ্চলিক পশুরোগ অনুসন্ধান গবেষণাগারে পরীক্ষা করে ওই খামারে বার্ড ফ্লু আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।পরে ওই দিন রাত নয়টার দিকে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট নার্গিস পারভীন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মোস্তফা কামালের উপস্থিতিতে প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা মুরগি নিধন শুরু করেন। গতকাল সকাল সাতটা পর্যন্ত খামারটির ২১ হাজার ৯৮৫টি মুরগি নিধন ও ছয় হাজার ২২৭টি ডিম ধ্বংস করা হয়। এরপর সেগুলো খামারের পাশে গর্ত করে মাটিতে পুঁতে ফেলা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিনয় কুমার নাগ প্রথম আলোকে বলেন, বার্ড ফ্লুর প্রতিষেধক এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। অপরিচ্ছন্ন ও স্যাঁতসেঁতে স্থানে এ রোগের সংক্রমণ বেশি ছড়ায়। এর আগে ১ ফেব্রুয়ারি সদর উপজেলার জয়রায় অবস্থিত এম এস পোলট্রি অ্যান্ড হ্যাচারি নামের একটি খামারের বার্ড ফ্লু আক্রান্ত প্রায় ১৩ হাজার মুরগি নিধন করা হয়।