মানিকগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মানরা এলাকায় গতকাল মঙ্গলবার রাতে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে ঢাকার গাবতলী থেকে যাত্রী নিয়ে ঈগল পরিবহনের বাসটি বরিশালের উদ্দেশে রওনা হয়। দিবাগত রাত একটার দিকে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের মানরা এলাকায় একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। মরদেহ তিনটি মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে ২৮ জনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

গোলড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, রাতের বেলা ঘুমের ঘোরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাসটি আটক করে জেলা পুলিশ লাইনে পাঠানো হয়েছে। তবে বাসের চালক ও সহকারীর খোঁজ পাওয়া যায়নি।