মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গতকাল রোববার সকালে বাস ও ট্রাকের সংঘর্ষে বাসচালকের সহকারী নিহত হয়েছেন। এ ছাড়া বাসের পাঁচজন যাত্রী আহত হন। নিহত ব্যক্তির নাম মো. মাসুদ। বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড়ঘিগাট গ্রামে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ঝিনাইদহগামী সোনালি পরিবহনের যাত্রীবাহী বাসটি বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাটিবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাসুদের (৩২) মৃত্যু হয়। আহত ব্যক্তিদের স্থানীয় উথুলী স্বাস্থ্য কমপ্লেক্স ও মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) মো. আরফান আলী প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের জন্য মাসুদের লাশ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাস ও ট্রাক আটক করা হয়েছে। তবে চালকেরা পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলা হয়েছে।