মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে সাতজন।
গতকাল সোমবার দিবাগত রাত পৌনে একটার দিকে উপজেলার জাগীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশের ধারণা, দুর্ঘটনায় বাসের চালক ও এক যাত্রী এবং ট্রাকের চালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন।
চারজনের লাশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। আহত ব্যক্তিদের একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুল হকের ভাষ্য, বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটি মানিকগঞ্জের দিকে আসছিল। জাগীর এলাকায় যানবাহন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে। যানবাহন দুটিকে মহাসড়ক থেকে সরিয়ে নিয়েছে পুলিশ।
এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।