মানিকগঞ্জে বাসচাপায় যুবলীগের দুই নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে আজ শনিবার বাসের চাপায় যুবলীগের দুজন নেতা নিহত হয়েছেন। বেলা ১১টার দিকে জোকা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই নেতা হলেন সবজেল মিয়া (২৫) ও রুবেল মিয়া (২২)। তাঁদের বাড়ি উপজেলার তরা গ্রামে।
ঘিওর উপজেলা যুবলীগের উপপরিবেশ ও বনবিষয়ক সম্পাদক মো. আরিফুল ইসলাম জানান, সবজেল মিয়া উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও রুবেল মিয়া প্রচার সম্পাদকের পদে ছিলেন।
ঘটনার প্রতিবাদে ঈগল পরিবহনের একটি বাসে আগুন দেন দলের বিক্ষুব্ধ নেতা-কর্মী ও এলাকাবাসী। তাঁরা দুটি বাস ভাঙচুর করেন। এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে হাইওয়ে ও ঘিওর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে সবজেল ও রুবেল রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হন। জোকা এলাকায় পৌঁছালে পাটুরিয়াগামী ঈগল পরিবহনের যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সবজেলের মৃত্যু হয়। আহত রুবেলকে উদ্ধার করে স্থানীয় মুন্নু জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। বাসের চালক ও সহকারী পলাতক।
বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট নাজমুল আহসান প্রথম আলোকে বলেন, দুজনের লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।