মানিকগঞ্জে বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় গতকাল মঙ্গলবার সকালে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় হাবিবুর রহমান (৫৫) নামের পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। হাবিবুর মানিকগঞ্জ সদর থানায় ওয়্যারলেস অপারেটর পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি জেলার হরিরামপুর উপজেলার কৌড়ি গ্রামে। পুলিশ জানায়, ঢাকার সাভারে এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য হাবিবুর ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিক বক্সের সামনে দাঁড়ান। সকাল সাতটার দিকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দেন। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই হাসপাতালে ময়নাতদন্ত শেষে দুপুরে স্বজনদের কাছে হাবিবুরের লাশ হস্তান্তর করা হয়।মানিকগঞ্জ সদর থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, সাভার এলাকা থেকে ওই বাসটি জব্দ করে চালক বাদল মিয়া ও তাঁর সহকারী মোজাফফরকে গ্রেপ্তার করা হয়েছে।