মানিকগঞ্জে বাড়তি চাঁদা আদায়ের প্রতিবাদে ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ-গুলিস্তান সড়কে চলাচলকারী ‘শুভযাত্রা’ পরিবহনের বাস থেকে অতিরিক্ত চাঁদা আদায়ের প্রতিবাদে গতকাল বুধবার আধা বেলা ধর্মঘট পালন করেছেন বাসমালিক ও শ্রমিকেরা। এতে মানিকগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।
বাসমালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মানিকগঞ্জ-গুলিস্তান সড়কে শুভযাত্রা পরিবহনের প্রায় ১০০টি বাস রয়েছে। টিকিট কাউন্টারের সুপারভাইজারদের বেতন ও শ্রমিকদের কল্যাণে প্রতি বাস থেকে প্রতিদিন ৪৪০ টাকা চাঁদা আদায় করে শুভযাত্রা বাস মালিক সমিতি। তবে দুই দিন ধরে ৬০০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। অতিরিক্ত চাঁদা আদায়ের প্রতিবাদে গতকাল সকাল ছয়টা থেকে ধর্মঘট পালন করেন ওই পরিবহনের বাসমালিক ও শ্রমিকেরা। পরে অতিরিক্ত চাঁদা আদায় বন্ধের আশ্বাসে দুপুর ১২টার দিকে ধর্মঘট তুলে নেন বাসমালিক ও শ্রমিকেরা।
জানতে চাইলে শুভযাত্রা বাসমালিক সমিতির সভাপতি মতিন মোল্লা বলেন, সংগঠনের কারও সঙ্গে আলোচনা না করেই সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম এ অতিরিক্ত চাঁদা আদায় করছেন।
তবে অভিযোগ অস্বীকার করে জাহিদুল ইসলাম বলেন, ‘পরিবহন খাতের একটি সুবিধাবাদী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সমিতি থেকে আমাকে সরিয়ে দিতে মহলটি কতিপয় বাসমালিককে দিয়ে সাজানো ধর্মঘট পালন করিয়েছে।’