মানিকগঞ্জে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ২০
মানিকগঞ্জে জেলা বিএনপির এক আলোচনা সভায় গতকাল শনিবার স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকারের উপস্থিতিতে এ ঘটনা ঘটে। সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলের নেতাদের মুক্তি, তত্ত্বাবধায়ক বরকারব্যবস্থা পুনর্বহাল এবং এম ইলিয়াস আলীকে জীবিত উদ্ধারের দাবিতে জেলা আইনজীবী সমিতির ১ নম্বর ভবনে মতবিনিময় সভার আয়োজন করে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন। সংঘর্ষের কারণে আলোচনা ছাড়াই জমির উদ্দিন সরকার ঢাকার উদ্দেশে রওনা দেন। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও দলের একাধিক সূত্র থেকে জানা গেছে, গতকাল বিকেল চারটার দিকে মতবিনিময় সভা শুরু হয়। সভার সভাপতি করা নিয়ে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আফরোজা খানের সমর্থক নেতা-কর্মীদের মধ্যে কলহের সৃষ্টি হয়। পরে জমির উদ্দিন সরকারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এরপর জমির উদ্দিন সরকারের সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়। উভয় পক্ষের নেতা-কর্মীদের পরিচয় পর্ব শেষ হওয়ার পরপরই বিকেল পাঁচটার দিকে জেলা বিএনপির অপর পক্ষ টুকু-তোজার সমর্থক নেতা-কর্মীরা জমির উদ্দিনকে শুভেচ্ছা জানাতে ওই মতবিনিময় সভায় উপস্থিত হন। এ সময় আফরোজা খানের সমর্থকদের সঙ্গে টুকু-তোজার সমর্থক নেতা-কর্মীদের কথা-কাটাকাটির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে।এ সময় প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সমর্থক নেতা-কর্মীরা আইনজীবী ভবনের এক পাশে অবস্থান নেন। একপর্যায়ে উভয় পক্ষের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। ক্ষুব্ধ নেতা-কর্মীরা চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করেন। পরে টুকু-তোজার সমর্থক নেতা-কর্মীরা ধাওয়া খেয়ে শহীদ রফিক সড়কে অবস্থান নেন। এরপর লাঠিসোঁটা নিয়ে তাঁরা পাল্টা ধাওয়া করেন। একপর্যায়ে উভয় পক্ষের নেতা-কর্মীরা ইটপাটকেল ছুড়তে শুরু করেন। ইটপাটকেলের আঘাতে উভয় পক্ষের অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়। আহত ব্যক্তিদের মানিকগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদিকে সংঘর্ষের সময় ছবি তুলতে গেলে চ্যানেল টোয়েন্টিফোরের মানিকগঞ্জের স্টাফ রিপোর্টার বি এম খোরশেদ ইটের আঘাতে গুরুতর আহত হন। এ সময় তাঁর মাথা ফেটে যায়। তাঁকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। টুকু-তোজাপক্ষের জেলা ছাত্রদলের সাবেক সভাপতি তোজাম্মেল হক দাবি করেন, ‘জমির উদ্দিন সরকারকে শুভেচ্ছা জানাতে গেলে আফরোজা খানের সমর্থক নেতা-কর্মীরা বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁরা আমাদের ওপর হামলা চালান।’ পাল্টা অভিযোগ করে জেলা যুবদলের সাবেক সভাপতি মোতালেব হোসেন বলেন, তোজাম্মেলের লোকজন এসে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাঁদের বাধা দেওয়া হয়। এতে তাঁরা ক্ষিপ্ত হয়ে তাঁদের লোকজনের ওপর হামলা চালায়। জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জামিলুর রশিদ খান বলেন, অভ্যন্তরীণ কোন্দল ও দ্বিধাবিভক্তির কারণেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি গঠন জরুরি হয়ে পড়েছে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লিয়াকত আলী বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে কোনো পক্ষ অভিযোগ করেনি।