মানিকগঞ্জে বিচারক সংকট, মামলাজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অধীনে ১১টি আদালতের মধ্যে চারটিতেই বিচারক নেই। চারটি আদালতে আট হাজারের বেশি অর্পিত সম্পত্তির মামলা রয়েছে। দেওয়ানি মামলা রয়েছে এর কয়েক গুণ বেশি। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ, মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় করা মামলাও রয়েছে।
বিচারক না থাকায় দীর্ঘদিন ধরে ঝুলে আছে মামলাগুলো। এতে দূর-দূরান্ত থেকে বিচারপ্রার্থীরা আদালতে এসে হয়রানির শিকার হচ্ছেন।
জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. আবদুল খালেক জানান, ২৫ এপ্রিল যুগ্ম জেলা ও দায়রা জজ-১ শেখ গোলাম মাহবুব এবং যুগ্ম জেলা ও দায়রা জজ-২ এস এম জিয়াউর রহমান পদোন্নতি পেয়ে অন্যত্র যোগ দেন। ১৭ জুলাই বদলি হন হরিরামপুর উপজেলার সহকারী জজ আফরোজা খাতুন। ২০ আগস্ট অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মফিজুর রহমান পদোন্নতি পেয়ে ফেনীর মুখ্য বিচারিক হাকিম পদে যোগ দেন। এর পর থেকে ওই চারটি আদালতে নতুন কোনো বিচারককে পদায়ন করা হয়নি।
সদর উপজেলার হিজুলী গ্রামের শামসুল আলম বলেন, ‘২০১১ সালে যুগ্ম জেলা ও দায়রা জজ-১ আদালতে জমিসংক্রান্ত দেওয়ানি মামলা করি। কিন্তু বিচারক না থাকায় এ পর্যন্ত মামলার কোনো শুনানিই হয়নি।’
‘বিচারপ্রার্থীরা যাতায়াত ভাড়া খরচ করে প্রতি ধার্য তারিখে সাক্ষীদের আদালতে হাজির করাচ্ছেন, আপ্যায়ন করাচ্ছেন। উকিল-সহকারীদের ফি দিচ্ছেন। কিন্তু বিচারকের অভাবে সাক্ষ্য গ্রহণ পিছিয়ে যাচ্ছে। বিচারপ্রার্থীদের পাশাপাশি আইনজীবীরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’ বলছিলেন জেলা আইনজীবী সমিতির পাঠাগার সম্পাদক মহিউদ্দিন স্বপন।
জেলার সরকারি উকিল (পিপি) আবদুস সালাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী (সিইও) মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় করা মামলার অভিযোগপত্র প্রায় দেড় বছর আগে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে দেওয়া হয়। কিন্তু এই আদালতে বিচারক না থাকায় মামলায় সাক্ষ্য গ্রহণ সম্ভব হচ্ছে না।’
বিচারক-সংকটের বিষয়টি নিশ্চিত করে জেলা ও দায়রা জজ গোলাম মোস্তফা দেওয়ান প্রথম আলোকে বলেন, গত ২২ আগস্ট উচ্চ আদালতের মাধ্যমে আইন ও বিচারবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে বিচারকদের পদায়নের জন্য পত্র পাঠানো হয়। খুব শিগগিরই এসব শূন্য পদগুলোতে বিচারকদের পদায়নের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।