মানিকগঞ্জে বিপুল পলিথিন জব্দ, ছয়জনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় গতকাল রোববার ভ্রাম্যমাণ আদালত ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ পলিথিন জব্দ হয়েছে। এ ছাড়া নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে উপজেলার উথুলীবাজারের ছয় ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উথুলীবাজারের ব্যবসায়ী গৌরাঙ্গ সাহা, ঝন্টু সাহা ও বাসুদেব সাহার কাছ থেকে দুই হাজার টাকা করে, নির্মল শিকদার ও সুব্রত সাহার কাছ থেকে এক হাজার টাকা করে এবং প্রফুল্ল ভৌমিকের কাছ থেকে ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় তাঁদের দোকান থেকে পলিথিন জব্দ করা হয়। এরপর উপজেলার শশীনাড়া গ্রামের মদন চন্দ্র দাসের বাড়িতে অভিযান চালিয়ে এক টন ওজনের ২১ বস্তা পলিথিন জব্দ করা হয়। পলিথিন ব্যবসায়ী মদন চন্দ্র দাস এ সময় পালিয়ে যান। অভিযানের বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মোহাম্মদ নাজমুল হুদা বলেন, জব্দ করা পলিথিনের দাম আনুমানিক আড়াই লাখ টাকা।