মানিকগঞ্জে বিষ দিয়ে তিন লাখ পোনা হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা গ্রামে একটি পুকুরে বিষ প্রয়োগে তিন লক্ষাধিক পোনা মাছ হত্যা করা হয়েছে। অভিযোগ উঠেছে পূর্ব শত্রুতার জেরে সোমবার রাতে এ ঘটনা ঘটানো হয়। পুকুরের ইজারাদার তরা গ্রামের নিখিল রাজবংশী দাবি করেছেন, এতে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় তিনি একই গ্রামের আনন্দ রাজবংশী নামের এক ব্যক্তিকে আসামী করে ঘিওর থানায় গতকাল মঙ্গলবার মামলা করেছেন। মামলার বিবরণীতে বলা হয়, ওই পুকুরের ইজারা নিয়ে আনন্দ রাজবংশীর সঙ্গে তাঁর বিরোধ চলছিল। এর জেরে সোমবার রাতে আনন্দ রাজবংশী পুকুরটিতে বিষ প্রয়োগ করেন। এ ব্যাপারে আনন্দ রাজবংশীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, আসামী গ্রেপ্তারে চেষ্টা চলছে।