মানিকগঞ্জে বিস্তীর্ণ ফসলি জমি ও বসতভিটা নদীগর্ভে
চলতি বর্ষায় পদ্মা ও যমুনা নদীর তীরবর্তী মানিকগঞ্জের দৌলতপুর, শিবালয় ও হরিরামপুর উপজেলায় গত এক মাসে তিন সহস্রাধিক বিঘা ফসলি জমি এবং সহস্রাধিক বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন। বসতভিটা হারিয়ে এসব এলাকার মানুষ এখন মানবেতর দিন কাটাচ্ছে।
ভুক্তভোগী ও স্থানীয় জনপ্রতিনিধিদের অনেকেই অভিযোগ করেছেন, ভাঙন প্রতিরোধে কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় ফসলি জমি ও ঘরবাড়ি হারিয়ে অনেকেই নিঃস্ব হয়ে পড়েছেন। তবে মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা বলছেন, নদীভাঙন রোধে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। বরাদ্দের অভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি।
দৌলতপুর: সম্প্রতি সরেজমিনে ভুক্তভোগী ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বাঘুটিয়া, বাচামারা, চরকাটারী, খলসী ও জিয়নপুর—এই পাঁচটি ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামে তীব্র ভাঙন শুরু হয়েছে। বাঘুটিয়া ইউনিয়নের জোতকাশি গ্রামের বৃদ্ধ আকমল বিশ্বাস বলেন, গত ১৫ বছরে তাঁর ১৮ বিঘা ফসলি জমি ভাঙনের কবলে পড়ে নদীতে চলে গেছে। পরিবার নিয়ে তিনি অন্যের জমির ওপর কোনো রকমে ঘর তুলে আশ্রয় নিয়েছেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক বলেন, গত ১০ বছরে শুধু বাঘুটিয়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডের মধ্যে ছয়টিই বিলীন হয়ে গেছে। অথচ ভাঙন রোধে এ যাবৎ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
শিবালয়: উপজেলার তেওতা ইউনিয়নের জাফরগঞ্জ এলাকায় ভাঙন রোধে প্রায় প্রতিবছরই বালুভর্তি বস্তা ফেলা হয়। তবে সুষ্ঠু ও সঠিক পরিকল্পনা না থাকায় এসব খুব একটা কাজে আসছে না। এ বছর তেওতা ইউনিয়নে জাফরগঞ্জ হাট ও বাজার এবং জাফরগঞ্জ উচ্চবিদ্যালয় নদীতে বিলীন হয়ে গেছে। এ ছাড়া গোয়াড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোয়াড়িয়া কমিউনিটি ক্লিনিক ও কাজী সফিউদ্দিন দাখিল মাদরাসা হুমকির মধ্যে পড়েছে।
তেওতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, গত তিন বছরে উপজেলার জাফরগঞ্জ, ধুবলিয়া, ভাঙ্গাবাড়ি, পয়লা, সাতুরিয়া, মালুচী ও ঠাকুরকান্দি গ্রামের অধিকাংশ নদীগর্ভে চলে গেছে।
হরিরামপুর: এ উপজেলায় ছয়টি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে ভাঙন শুরু হয়েছে। এসব ইউনিয়নে এ বছর পাঁচ শতাধিক বিঘা ফসলি জমি ও শতাধিক বসতভিটা নদীতে হারিয়ে গেছে। কয়েকজন ইউপি চেয়ারম্যান জানান, রামকৃষ্ণপুর ইউনিয়নের জগন্নাথপুর ও রামকৃষ্ণপুর; আজিমনগরের ইব্রাহিমপুর, দৌলতপুর ও আজিমনগর; ধূলশুড়ার কমলাপুর, মেঘলাচর, আলেয়ানগর ও নীলগ্রাম; হারুকান্দির ব্রাহ্মণকান্দা, কাজীরবাক ও হারুকান্দি এবং সুতালড়ীর কোদালিয়া গ্রামে তীব্র ভাঙন শুরু হয়েছে।
মানিকগঞ্জ পাউবো কার্যালয় সূত্র জানায়, চলতি বছরের জুনে এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং সরকারের নিজস্ব খাত থেকে ৮২৮ কোটি ৫৬ লাখ টাকা ব্যায়ে ‘বন্যা ও নদীর তীর ভাঙন ও ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূিচ’র আওতায় একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পাউবোর নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, প্রকল্প অনুযায়ী যমুনা নদীর তীরবর্তী সিরাজগঞ্জের শাহাজাদপুর ও চোহালী, পাবনার ভেড়ার কৈতলা, মানিকগঞ্জের শিবালয়ের জাফরগঞ্জ এবং পদ্মা তীরবর্তী হরিরামপুর উপজেলায় ভাঙন রোধে জিও ব্যাগ ও নদীতীর সংরক্ষণে সিসি ব্লক বসানো হবে।
মানিকগঞ্জের জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস বলেন, ইতিমধ্যে তিনি দৌলতপুর এবং শিবালয়ের ভাঙন ও বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
পাউবোর প্রকল্প পরিচালক আমিনুল হক প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে ওই সব এলাকায় নদীর তীর রক্ষার নকশা প্রণয়নের কাজ শুরু হয়েছে। চলতি অর্থবছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য দরপত্র আহ্বান করার কথা রয়েছে।