মানিকগঞ্জে বৃষ্টির মধ্যেই সড়ক ঢালাই
মানিকগঞ্জ শহরে শুক্রবার বৃষ্টি ও পানির মধ্যেই সড়কে ঢালাইয়ের কাজ হয়েছে। এতে অল্প সময়ের মধ্যেই সড়কটি নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সরেজমিন দেখা যায়, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড-বেউথা সড়কে জেলা প্রশাসকের বাসভবন-সংলগ্ন সড়কের পশ্চিমাংশে বৃষ্টি ও পানির মধ্যেই শ্রমিকেরা ইটের খোয়া ও সিমেন্টের ঢালাই দিচ্ছেন। বৃষ্টির পানিতে এই ঢালাই ছড়িয়ে পড়ছে। এ সময় কাজের দেখভালের জন্য সড়ক ও জনপথ (সওজ) প্রকৌশলী অধিদপ্তরের কাউকে পাওয়া যায়নি।
মেসার্স এনডিই লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটির কাজ করছে। ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের ইট দিয়ে সড়কের পাশে ফুটপাত নির্মাণের অভিযোগ রয়েছে। গত মঙ্গলবার শহীদ সরণি লেন সড়কের পাশে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে নিম্নমানের ইট দিয়ে ফুটপাত নির্মাণ করতে দেখা যায়। বিষয়টি জানার পর মানিকগঞ্জ সওজ কর্তৃপক্ষ নিম্নমানের ইট সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। তবে অল্পসংখ্যক ইট সরিয়ে সেই নিম্নমানের ইট দিয়েই ফুটপাত নির্মাণ শুরু করে তারা।
যোগাযোগ করা হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক মাসুদ রানা বলেন, নির্মাণ উপকরণ সিমেন্ট ও ইটের খোয়া বৃষ্টির আগেই তৈরি করা হয়েছে। উপকরণগুলো না ঢাললে তা নষ্ট হয়ে যাবে। এ জন্য বৃষ্টির মধ্যেই কাজ করা হচ্ছে।
অন্য এক প্রশ্নের জবাবে মাসুদ রানা বলেন, ‘ফুটপাত নির্মাণে দু-একটি খারাপ ইট থাকতে পারে। তবে ভালো মানের ইট দেওয়ার চেষ্টা করেছি।’
এ বিষয়ে জানতে চাইলে জেলা সওজের নির্বাহী প্রকৌশলী গাউসুল আজম মারুফ হাসান প্রথম আলোকে বলেন, বৃষ্টির মধ্যে ঢালাই না করার নির্দেশনা রয়েছে। তারপরও যদি তা হয়ে থাকে, তবে ঠিকাদার প্রতিষ্ঠান নিজ দায়িত্বে তা অপসারণ করে পুনরায় ঢালাই দেওয়ার ব্যবস্থা করবে।