মানিকগঞ্জে বেহাল সড়ক, জনদুর্ভোগ

মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-বালিরটেক সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে পথচারীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, বেতিলা-বালিরটেক সড়কটি এলজিইডির অধীনে। ঢাকা থেকে জেলার হরিরামপুর উপজেলায় যাওয়ার এটি প্রধান সড়ক। ঢাকার সাভারের হেমায়েতপুর থেকে মানিকগঞ্জ সদরের বেউথা পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক রয়েছে। এ মহাসড়কের বেতিলা থেকে একটি সড়ক হরিরামপুর উপজেলা সদরে গেছে। এ সড়কের বেতিলা থেকে বালিরটেক পর্যন্ত ১০ কিলোমিটারের অবস্থা খুবই নাজুক।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, হরিরামপুর উপজেলাবাসী ছাড়াও জেলা সদরের দক্ষিণাঞ্চলের অন্তত চার লাখ মানুষ এই সড়কে যাতায়াত করে। তবে দীর্ঘদিন ধরে সংস্কার না করায় বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দে সড়কটি বেহাল হয়ে পড়েছে। এতে যানবাহন চলাচলে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগে। ঝাঁকুনিতে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, বেতিলা-বালিরটেক সড়কটির বেতিলা থেকে বাঘিয়া পর্যন্ত প্রায় সাত কিলোমিটারের বিভিন্ন স্থানে খানাখন্দ ও ছোট-বড় অসংখ্য গর্ত রয়েছে। সড়কটির তেরদোনা, গোকুলনগর, হিজলাইন, লেমুবাড়ি ও কাফাটিয়া এলাকায় পিচ উঠে খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে। লেমুবাড়ি ও কাফাটিয়া এলাকায় গর্তগুলো বিশাল আকার ধারণ করেছে।
তেরদোনা থেকে লেমুবাড়ি পর্যন্ত সড়কটির দুই পাশে ১০টির মতো ইটের ভাটা চোখে পড়ে। এসব ভাটায় মাটিবাহী ট্রাক, মাহিন্দ্রা ও ট্রলি চলাচল করে। এতে ইটভাটার সামনের সড়কে ধুলা ওড়ে।
ইটভাটার কয়েকজন মালিক বলেন, শুষ্ক মৌসুমে কিছুটা ধুলাবালু উড়বেই। দু-এক দিন পরপর শ্রমিক দিয়ে তাঁরা সড়কের ওপরের মাটি সরিয়ে ফেলেন।
কাফাটিয়া গ্রামের শামীম হোসেন জেলা শহরের সরকারি দেবেন্দ্র কলেজে একাদশ শ্রেণিতে পড়ে। গত শনিবার কাফাটিয়া বাজারে তার সঙ্গে কথা হয়। সে বলে, ‘সপ্তাহে চার থেকে পাঁচ দিন বাসে করে কলেজে যাই। রাস্তায় গর্ত আর খানাখন্দের কারণে আমরা চরম ভোগান্তি পোহাই।’
হাসলি গ্রামের বাসিন্দা লোকসংগীতশিল্পী আবুল বাশার আব্বাসী বলেন, বিভিন্ন কাজে প্রায় প্রতিদিনই জেলা সদরে যেতে হয়। তবে রাস্তার এই নাজুক পরিস্থিতির কারণে যাতায়াতে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে।
ঢাকার গাবতলী থেকে হরিরামপুর সদরে শুকতারা সার্ভিস পরিবহনের বাস চলাচল করে। এই পরিবহনের একটি বাসের চালক আমজাদ হোসেন বলেন, সড়ক বেহাল হওয়ার কারণে বাস ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে যানবাহন মেরামতের ব্যয়ও বেড়েছে। শিগগিরই সড়কটি সংস্কার করা না হলে জনদুর্ভোগ আরও বাড়বে।
এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম বলেন, সড়কটি প্রশস্ত ও সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সাড়ে চার কোটি টাকা বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। অর্থ বরাদ্দ পেলেই দরপত্র আহ্বান করা হবে।