মানিকগঞ্জে ব্যবসায়ী খুনের ঘটনায় পাঁচজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে ব্যবসায়ী দেলোয়ার হোসেন হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব দাশড়া গ্রামের তারা মিয়া (৫২), পশ্চিম দাশড়ার রাজু আহমেদ (৫৫), বাজেয়াপ্তভাট এলাকার দেলোয়ার হোসেন (৩২), মালঞ্চ গ্রামের গৌরাঙ্গ কুমার সরকার (৩০) ও গড়পাড়া গ্রামের আশীষ সরকার (৪৫)।মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম প্রথম আলোকে বলেন, মুঠোফোনের সূত্র ধরে গত রোববার রাতে পশ্চিম দাশড়ার নিজ বাড়ি থেকে তারা মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী সোমবার রাতে অপর চারজনকে গ্রেপ্তার করা হয়।এসআই শাহ আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, দেলোয়ার হত্যাকাণ্ডের সপ্তাহ খানেক আগে তারা মিয়া বগুড়া থেকে ২৩ লাখ ৩৫ হাজার টাকা দিয়ে একটি স্বর্ণের মূর্তি কেনেন। এর সঙ্গে দোলোয়ারও জড়িত ছিলেন। কিন্তু মূর্তিটি গলানোর পর জানা যায় তা স্বর্ণের নয়, তামার। পরে মূর্তি কেনার টাকার ভাগ নিয়ে দেলোয়ারের সঙ্গে তাঁদের বিরোধ হয়। কিন্তু খুনের ঘটনার সঙ্গে তাঁরা জড়িত নন বলে দাবি করেন।তদন্ত কর্মকর্তা জানান, গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল মঙ্গলবার মানিকগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।গত ২০ ডিসেম্বর মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকায় নিজ বাড়ির কাছে দেলোয়ারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত দেলোয়ারের ভাই মোতালেব হোসেন ওই দিন রাতে হত্যা মামলা দায়ের করেন।