মানিকগঞ্জে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
মানিকগঞ্জ শহরের পশ্চিম দাসরা এলাকায় গতকাল মঙ্গলবার দেলোয়ার হোসেন (৪৫) নামের এক ব্যবসায়ীকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। পাঁচ বছর আগে তাঁকে একবার অপহরণ করা হয়েছিল।পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, দেলোয়ার প্রতিদিনের মতো গতকাল ভোরে হাঁটতে বের হন। ভোর ছয়টার দিকে বাসা থেকে সামান্য দূরে রাস্তার পাশে সেতুর ঢালে তাঁর গুলিবিদ্ধ লাশ দেখে স্থানীয়রা বাসায় খবর দেয়। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ শনাক্ত করে পুলিশকে অবহিত করে। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। কারা তাঁকে হত্যা করতে পারে এমন প্রশ্নের জবাবে নিহতের স্ত্রী মৌসুমী বেগম বলেন, দেলোয়ারের কোনো শত্রু ছিল না। কারা তাঁকে মেরেছে এই মুহূর্তে বলা মুশকিল।থানার ওসি মোজ্জামেল হক বলেন, দেলোয়ার হত্যার সঙ্গে কারা জড়িত তা তদন্ত ছাড়া বলা মুশকিল। এ ব্যাপারে নিহতের বড় ভাই মোতালেব হোসেন হত্যা মামলা করেছেন।