মানিকগঞ্জে ব্যবসায়ীকে হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে এক ব্যবসায়ীকে হত্যার দায়ে সাচ্চু মোল্লা নামের একজনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। পাশাপাশি তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান খান এ রায় দেন।
সাজাপ্রাপ্ত সাচ্চু মোল্লার (৫৫) বাড়ি জেলার শিবালয় উপজেলার কাছিধারা গ্রামে। তিনি একজন গরু ব্যবসায়ী। তাঁর উপস্থিতিতে বিচারক রায় দেন।
এজাহার ও আদালত–সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার ঘিওর উপজেলার পুখুরিয়া গ্রামের আজাহার উদ্দিন (৫০) গরু ব্যবসায়ী ছিলেন। ২০১৪ সালের ৪ অক্টোবর শিবালয়ের আরিচা হাট থেকে গরু কিনে কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে ঢাকার গাবতলীর হাটে যান আজাহার। ওই দিন রাতেই গরু বিক্রি করে কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে পুখুরিয়ার নিজ বাড়িতে ফিরছিলেন আজাহার। পথে তাঁকে হত্যা করে সিঙ্গাইর উপজেলা সদরের আঙ্গারিয়া এলাকায় লাশ ফেলে রাখা হয়। পরদিন সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ৭ অক্টোবর আজাহারের স্ত্রী আসমা বেগম সিঙ্গাইর থানায় মামলা করেন। এতে সাচ্চু মোল্লাসহ ছয়জনকে আসামি করা হয়। ২০১৫ সালের ২৭ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ছয় আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। মামলায় ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
রাষ্ট্রপক্ষে (বাদীপক্ষ) সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মথুরনাথ সরকার এবং আসামিপক্ষে দেলোয়ার হোসেন মামলাটি পরিচালনা করেন।
মথুরনাথ সরকার বলেন, সাচ্চু মোল্লার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। অন্য পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।