মানিকগঞ্জে ভাষা সংগ্রামীদের সংবর্ধনা ও শিশুদের চিত্রাঙ্কন
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল বুধবার মানিকগঞ্জে দুজন ভাষাসংগ্রামীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। পাশাপাশি শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা শহরের কালীবাড়ি এলাকায় সাংস্কৃতিক বিপ্লবী সংঘ (সাবিস) মিলনায়তনে বেসরকারি গবেষণামূলক সংস্থা বারসিক ও সাবিস যৌথভাবে এ সংবর্ধনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। বেলা তিনটায় সাবিস মিলনায়তনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় ১০০ শিশু শিক্ষার্থী অংশ নেয়। এরপর বিকেল চারটার দিকে সংবর্ধনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়। সাবিসের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় নেতা আজহারুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি দীপক কুমার ঘোষ প্রমুখ। আলোচনা শেষে ভাষাসংগ্রামী আবদুল হাকিম ও মিরান উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়।