মানিকগঞ্জে ভুয়া পরিচয় দেওয়ায় এক ব্যক্তি গ্রেপ্তার
নিজেকে খাদ্য পরিদর্শক কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম হাসান ইমাম (৪৫)। তিনি ঢাকার ধামরাই উপজেলার দত্তনালাই গ্রামের বাসিন্দা।মানিকগঞ্জ সদর থানা সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় জনপ্রিয় বেকারিতে যান হাসান ইমাম। এরপর তিনি বেকারির মালিক রিপন হোসেনের কাছে নিজেকে খাদ্য পরিদর্শক পরিচয় দেন। অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশের অজুহাত দিয়ে বেকারির মালিকের কাছে তিনি অর্থ দাবি করেন। বিষয়টি নিয়ে সন্দেহ হলে রিপন পুলিশে খবর দেয়। পুলিশের জিজ্ঞাসাবাদে পরিচয় ভুয়া প্রমাণিত হলে তাঁকে আটক করা হয়।বেকারির মালিক রিপন হোসেন বলেন, তাঁর বেকারিতে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী প্রস্তুত করা হয়। খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে স্বীকৃতিও আছে। মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ বলেন, হাসান ইমাম ভুয়া পরিচয় দেওয়ার কথা স্বীকার করেছেন।