মানিকগঞ্জে মরিচ আবাদে লোকসান গুনছেন চাষিরা

গত বছর মানিকগঞ্জে ৬ হাজার ৭৫০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছিল। এবার আবাদ হয়েছে ৪ হাজার ৬৩৬ হেক্টর জমিতে। আগের বছরের চেয়ে প্রায় দুই হাজার হেক্টর কম জমিতে চাষ হওয়ায় স্বাভাবিকভাবেই উৎপাদন কম হয়েছে। আর আবাদ ও উৎপাদন কম হওয়ার পেছনে লোকসানকেই দায়ী করছেন মরিচচাষিরা। তাঁদের দাবি, মরিচ আবাদে প্রতি বিঘায় চাষিদের প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার টাকা লোকসান হচ্ছে। এ ছাড়া হিমাগার না থাকায় সংরক্ষণের অভাবে লোকসানেই মরিচ বিক্রি করতে বাধ্য হচ্ছেন তাঁরা। এ অবস্থায় সংরক্ষণের জন্য সরকারি কিংবা বেসরকারিভাবে হিমাগার নির্মাণের দাবি জানিয়েছেন মরিচচাষিরা।
গত বছর দুই বিঘা জমিতে মরিচের চাষ করেছিলেন ঘিওর উপজেলার দোতরা গ্রামের চাষি আবদুর রউফ। ফলন ভালো হলেও লোকসান হওয়ায় এ বছর তা কমিয়ে এক বিঘায় চাষ করেছেন। হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘লাভ তো দূরের কথা, কামলা (শ্রমিক) খরচ, সার-কীটনাশক ও খেত থেইক্যা মরিচ তুলার খরচও ওঠে না। তাই মরিচ বোনা কমিয়ে দিছি।’
শিবালয়ের বরঙ্গাইল বাজার জেলার মরিচের সবচেয়ে বড় পাইকার মোকাম। এ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জহিরুল হক বলেন, মানে ও স্বাদে ভালো হওয়ায় এ জেলার মরিচের কদর বেশি। প্রতিদিন চাষিরা শতাধিক টন মরিচ এ বাজারে বিক্রির জন্য নেন। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি এ জেলার মরিচ মালয়েশিয়া, সৌদি আরব, কুয়েত ও বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে রপ্তানি করা হয়।
গত মঙ্গলবার বরঙ্গাইল বাজারে গিয়ে সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই চাষিরা সাইকেল, রিকশা-ভ্যান, ঘোড়ার গাড়ি ও টেম্পোতে করে কাঁচা মরিচ বাজারে নিয়ে আসছেন। এরপর পাইকার ব্যবসায়ী দর-কষাকষির পর এসব মরিচ কিনে পিকআপ ভ্যান ও ট্রাকে করে ঢাকার কারওয়ান বাজার ও চট্টগ্রামের বিভিন্ন বাজারে পাঠাচ্ছেন।
এ সময় মরিচ রপ্তারিকারক কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাঁচা মরিচ প্যাকেটজাত করতে দেখা যায়। এ এইচ ট্রেড ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের প্রতিনিধি নাজমুল হাসান বলেন, কুয়েতে রপ্তানির জন্য এ বাজার থেকে প্রতি কেজি ১০ টাকা হিসেবে আড়াই টন মরিচ কেনা হয়েছে।
মরিচ রপ্তানিকারক প্রতিষ্ঠানের দুজন প্রতিনিধি জানান, সম্প্রতি মরিচ রপ্তানি কমে গেছে। এ ছাড়া বিমানের শিডিউল সমস্যা এবং বিমানে স্থানসংকুলানের অভাবে রপ্তানিতে ব্যাঘাত ঘটছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার সাতটি উপজেলায় মরিচের চাষ হয়ে থাকে। তবে শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে মরিচের ব্যাপক চাষ করেন চাষিরা। এ বছর জেলায় মরিচের আবাদ ও উৎপাদন দুটিই কমেছে। গত বছর ৬ হাজার ৭৫০ হেক্টর জমিতে মরিচের আবাদ হলেও এবার ৪ হাজার ৬৩৬ হেক্টর জমিতে মরিচের চাষ হয়। গত বছর ১০ হাজার ৮০৩ মেট্রিক টন মরিচ উৎপাদন হয়। এবার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৩২৫ মেট্রিক টন। এ জেলায় সাধারণত বিন্দু ও সাইট্টা জাতের মরিচের আবাদ করা হয়ে থাকে। তবে এখানে বিন্দু মরিচের চাষই বেশি হয়।
চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি বিঘায় মরিচ চাষের জন্য জমি প্রস্তুত করতে এক হাজার টাকা, চারা কেনা বাবদ প্রায় ১ হাজার ৫০০ টাকা, চারা রোপণের জন্য শ্রমিক খরচ দুই হাজার টাকা, সেচ বাবদ এক হাজার এবং সার ও কীটনাশক বাবদ এক হাজার টাকা খরচ হয়েছে। সেই হিসেবে প্রতি বিঘায় ৬ হাজার ৫০০ টাকা খরচ হয়েছে। এ ছাড়া প্রতি মণ মরিচ তুলতে ২০০ টাকা করে শ্রমিক মজুরি দিতে হয়েছে। প্রতি বিঘায় প্রায় ১৫-১৮ মণ মরিচ উৎপাদন হয়ে থাকে। ১৫ মণ হিসাবে এক বিঘা জমিতে মোট খরচ হয়েছে ৯ হাজার ৫০০ টাকা। আর ১৮ মণ হিসাবে প্রতি বিঘায় খরচ হয়েছে ১০ হাজার ১০০ টাকা। ১০ টাকা কেজি দরে ১৫ মণ (৬০০ কেজি) মরিচ ছয় হাজার টাকা এবং ১৮ মণ (৭২০ কেজি) মরিচ ৭ হাজার ২০০ টাকায় বিক্রি করছেন চাষিরা। অর্থাৎ প্রতি বিঘায় ২ হাজার ৯০০ টাকা থেকে ৩ হাজার ৫০০ টাকা লোকসান গুনতে হচ্ছে কৃষকদের।
শিবালয়ের মহাদেবপুর ইউনিয়নের কাউয়ার বিল গ্রামের চাষি সুবল চন্দ্র ঘোষ বলেন, গাছ থেকে মরিচ না তুললে গাছ ধীরে ধীরে মারা যায়। এ কারণে লোকসান হলেও গাছ থেকে মরিচ তুলে বিক্রি করতে হচ্ছে। হিমাগার থাকলে সেখানে সংরক্ষণ করে মরিচ বিক্রি করলে দাম ভালো পাওয়া যেত।
দীর্ঘ দিন ধরে কৃষি ও কৃষকবান্ধব বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন মরিচ সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণের জোরালো দাবি জানিয়ে আসছেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সহযোগী সংগঠন কৃষক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, এ জেলায় মরিচের উৎপাদন ভালো হলেও সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই। এখানে হিমাগার নির্মাণ করা হলে চাষিরা সারা বছরই মরিচ সংরক্ষণ করে বিক্রি করতে পারতেন। এ ছাড়া দালাল-ফড়িয়া ও মধ্যস্বত্বভোগীদের কারণে চাষিরা ন্যায্যমূল্য পাচ্ছেন না।
এসব বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আলীমুজ্জামান মিয়া প্রথম আলোকে বলেন, এটা মরিচের মৌসুম। উৎপাদন বেশি হওয়ায় চাহিদা কমে গেছে। তাই কম মূল্যে এ মুহূর্তে চাষিদের মরিচ বিক্রি করতে হচ্ছে। আর দু-তিন মাস পরেই মরিচের দাম বাড়বে। হিমাগার থাকলে সারা বছরই মরিচ সংরক্ষণ করে চাষিরা মরিচ বিক্রি করতে পারতেন। এতে তাঁরা লাভবান হতেন। চাষিদের সুবিধার্থে সরকারি কিংবা বেসরকারিভাবে হিমাগার নির্মাণের জন্য ইতিমধ্যে কৃষি মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হয়েছে বলে তিনি জানান।