মানিকগঞ্জে মহাসড়কে অবরোধ করে ট্রাকে আগুন
মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় আজ মঙ্গলবার ভোরে গাছের গুঁড়ি ফেলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে অবরোধকারীরা। এ সময় একটি ট্রাকে আগুন দেয় তারা। এতে ট্রাকটির বেশির ভাগ পুড়ে যায়। কেউ হতাহত হয়নি।
ট্রাকটির চালক সিকান্দার আলী সাংবাদিকদের জানান, ঢাকা থেকে খালি ট্রাক নিয়ে রাজবাড়ী যাচ্ছিলেন। ভোর পাঁচটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় পৌঁছলে মহাসড়কে গাছের গুঁড়ি দেখতে পেয়ে তিনি ট্রাকটি থামান। এ সময় ১০-১২ জন অবরোধকারী ধারালো অস্ত্র নিয়ে এসে তাঁকে ও তাঁর সহকারীকে ট্রাক থেকে নামায়। পরে তারা পেট্রলবোমা দিয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, অবরোধকারীরা বড় দুটি কড়ই গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে ট্রাকে আগুন দেয়। ঘটনাস্থলে পুলিশ গেলে তারা পালিয়ে যায়।