মানিকগঞ্জে মাইক্রোবাসসহ আটক পাঁচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ড থেকে গত বৃহস্পতিবার রাতে যাত্রী তুলে তাদের কাছ থেকে নগদ অর্থ ও মুঠোফোন ছিনতাই করে পালানোর সময় মাইক্রোবাসসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। পুলিশ তাঁদের কাছ থেকে ইসলামি টেলিভিশন ও সাপ্তাহিক নবজাগরণ পত্রিকার স্টাফ রিপোর্টারের পরিচয়পত্র, প্রেস লেখা স্টিকার, ক্যামেরা, খেলনা পিস্তল, পাঁচটি মুঠোফোন ও ১৫ হাজার টাকা উদ্ধার করেছে।আটককৃতরা হলেন ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ছাগলদী গ্রামের আসলাম শেখ ওরফে হোসাইন (২৮), হিয়াবলদী গ্রামের বিকুল হোসেন ওরফে আসাদ (৩৫) ও কাঞ্চন ফকির (৩৯), কোদালিয়া-শহীদনগর গ্রামের সোহাগ হোসেন (২৯) এবং গোপালগঞ্জ সদর উপজেলার মুছরা গ্রামের মফিজুর রহমান (২৭)। এঁরা পুলিশের কাছে ছিনতাইয়ের কথা স্বীকার করেছে।পুলিশ জানায়, আটককৃতরা বৃহস্পতিবার বিকেলে নবীনগর থেকে পাটুরিয়া যাওয়ার কথা বলে দুই যাত্রীকে মাইক্রোবাসে তোলেন। কিছু দূর যাওয়ার পর তাঁরা যাত্রীদের কাছ থেকে তিন হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেন। পরে মানিকগঞ্জ থেকে পাটুরিয়া যাওয়ার কথা বলে আলী হোসেনকে মাইক্রোবাসে তোলেন। আলী হোসেনকে জিম্মি করে ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে দুই হাজার টাকা ও দুটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে সড়কে নামিয়ে দেন। তিনি বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশি করে পাঁচ ছিনতাইকারীসহ মাইক্রোবাসটি আটক করে। এ ব্যাপারে আলী হোসেন বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা করেছেন। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক বলেন, আটককৃতরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য। পুলিশের নজরদারি এড়াতে তাঁরা ভাড়া করা গাড়িতে প্রেস লেখা স্টিকার ও সাংবাদিক পরিচয়পত্র রাখত।