মানিকগঞ্জ জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির মাসিক সভায় গতকাল মঙ্গলবার মাদক ও ছাত্রীদের উত্ত্যক্তকরণ (ইভ টিজিং) নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কমিটির সদস্যরা। তবে এই সভায় জেলার তিন সাংসদের কেউ উপস্থিত ছিলেন না।জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল দুপুরে এই সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুনশী শাহাবুদ্দীন আহমেদ। বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মিজানুর রহমান, সিভিল সার্জনের দায়িত্বে থাকা পংকজ কুমার, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জসিম উদ্দিন, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (শিবালয় সার্কেল) মো. ওহিদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মোস্তফা কামাল, ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন খান, জেলা আওয়ামী লীগের সভানেত্রী নীনা রহমান, জেলা চেম্বার অব কমার্সের চেয়ারম্যান সুদেব সাহা প্রমুখ।সভায় সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ ফটো উদ্বেগ প্রকাশ করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার কারণে দিনে দিনে মাদকের ব্যবহার বাড়ছে।জেলা প্রশাসক মুনশী শাহাবুদ্দীন আহমেদ আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়, সেগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট বাহিনীর প্রতি আহ্বান জানান।