মানিকগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশ আহত
মানিকগঞ্জে গতকাল বুধবার মাদকসহ আটক করা দুই নারীকে ছিনিয়ে নিতে আসা মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশের একজন গোয়েন্দা কর্মকর্তা আহত হয়েছেন। আহত কর্মকর্তা হলেন মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কাজল হোসেন। তাঁকে জেলার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত ওই দুই নারীকে ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন। সিঙ্গাইর থানা ও গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল দুপুরে সিঙ্গাইর উপজেলার কালীনগর গ্রামে ফজলুর রহমান নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। তারা সেখান থেকে প্রায় এক কেজি গাঁজাসহ ফজলুর রহমানের স্ত্রী রেনু বেগম (৪৫) ও বোন ফনু বেগমকে (৪৮) আটক করে জেলা কারাগারের উদ্দেশে রওনা হয়। মাঝপথে ফজলুর রহমান তাঁর লোকজন নিয়ে ডিবি পুলিশের ওপর হামলা চালিয়ে স্ত্রী ও বোনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তাঁদের হামলায় এএসআই কাজল হোসেনের মাথা ফেটে যায়। এ সময় পুলিশ এসে প্রতিরোধ গড়ে তুললে ফজলুর রহমান স্ত্রী ও বোনকে রেখে দলবল নিয়ে পালিয়ে যান। খবর পেয়ে সিঙ্গাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল লতিফ অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসান। সেখানে তিনি রেনু বেগমকে দেড় বছর এবং ফনু বেগমকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন। মানিকগঞ্জ ডিবি পুলিশের পরিদর্শক মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে ফজলুর রহমান ও তাঁর পরিবারের লোকজন মাদক ব্যবসা করে আসছিলেন। তিনি বলেন, পুলিশের ওপর হামলার অভিযোগে ফজলুর রহমানসহ সাতজনের বিরুদ্ধে সিঙ্গাইর থানায় মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।