মানিকগঞ্জে মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু
‘মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হোক আজকের প্রজন্ম’—এই প্রতিপাদ্য নিয়ে গতকাল বৃহস্পতিবার মানিকগঞ্জে শুরু হয়েছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা। সন্ধ্যায় শহরের মানিকগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে পক্ষকালব্যাপী এই মেলার উদ্বোধন করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ জাহিদ মালেক, আনোয়ারুল হক, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক গোলাম মহিউদ্দিন, জেলা প্রশাসক মাসুদ করিম, পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়া, মুক্তিযোদ্ধা তোবারক হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুস সালাম, সিপিবির জেলা সভাপতি আজাহারুল ইসলাম ও জেলা বিএনপির নেতা জামিলুর রশিদ খান।উদ্বোধনী অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী বলেন, ‘রাজনীতি আজ কলুষিত হয়ে পড়ছে। তরুণ সমাজ আজ রাজনীতি পছন্দ করে না। তাহলে আগামীতে দেশ পরিচালনা করবে কারা?’১৯৯১ সাল থেকে প্রতিবছর মানিকগঞ্জে মুক্তিযুদ্ধের বিজয় মেলার আয়োজন করা হয়।মেলায় সার্কাস ও পুতুলনাচের আয়োজন রয়েছে। এ ছাড়া পোশাক, প্রসাধনসামগ্রী ও খাবারের স্টল রয়েছে।