মানিকগঞ্জে মুক্তিযোদ্ধা শিশুপার্কের দুর্দশা!
শিশুদের বিনোদন ও খেলাধুলার সব কটি রাইড অকেজো। দুটি রাইড পড়ে আছে মাটিতে। ময়লা-আবর্জনা ও আগাছায় ভরে গেছে প্রায় পুরো মাঠ। বসার বেঞ্চে ভবঘুরে ও মানসিক প্রতিবন্ধী ব্যক্তিরা শুয়ে আছে। পাশেই বসেছে চায়ের দোকান।
এ চিত্র মানিকগঞ্জের একমাত্র শিশুপার্কটির। জেলা প্রশাসকের কার্যালয়ের উত্তর পাশের এ বিনোদনকেন্দ্রের নাম মুক্তিযোদ্ধা শিশুপার্ক। তবে রক্ষণাবেক্ষণ ও দেখভালের অভাবে পাঁচ বছর আগেই পার্কটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানা যায়, ২০০৭ সালে জেলা কালেক্টরেট ভবনের সামনের খালি জায়গায় জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা শিশুপার্ক গড়ে তোলা হয়। কিন্তু চারটি স্লিপার, চারটি দোলনা ও ছয়টি বসার বেঞ্চ ছাড়া এখানে আর কিছুই নেই। রক্ষণাবেক্ষণ না করায় প্রায় পাঁচ বছর ধরে সব কটি রাইড ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, আটটি রাইডের সব কটিই অকেজো। দুটি রাইড মাটিতে পড়ে আছে। ছয়টি বেঞ্চের তিনটি বেহাল। পার্কের অধিকাংশই ঝোপঝাড় ও ময়লা-আবর্জনায় ভরা। এখানে নেই টিউবওয়েল ও শৌচাগারের ব্যবস্থা। পার্কের উত্তর পাশে খোলা জায়গায় পথচারীরা প্রস্রাব করে। এ কারণে আশপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে। পার্কের বেশ কিছু অংশ দখল করে ভেন্ডাররা স্ট্যাম্প বিক্রি করছেন। বসেছে চায়ের দোকানও। বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত এক ঘণ্টা অবস্থান করে সেখানে কোনো শিশুকে পাওয়া যায়নি। তবে সেখানে ভবঘুরে ও মানসিক প্রতিবন্ধী ব্যক্তিদের আনাগোনা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন বছরে বিভিন্ন সময় সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা শিশুপার্কটির সংস্কারের দাবি জানিয়ে আসছেন। অথচ এটি ব্যবহারের উপযোগী করতে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
স্থানীয় সামাজিক সংগঠন উত্তরণের সভাপতি বিমল রায় বলেন, ‘জেলা শহরের একমাত্র পার্কটি সংস্কারের অভাবে শিশুদের বিনোদন ও খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে। তিন বছর ধরে আমরা এর সংস্কারের দাবি জানিয়ে এলেও কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি।’
স্থানীয় পরিবেশবাদী সংগঠন স্যাকের নির্বাহী পরিচালক দীপক কুমার ঘোষ বলেন, মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে শিশুপার্কটির নামকরণ করা হয়। অথচ সংস্কারের অভাবে শিশুপার্কটি অনেকটা ভাগাড়ে পরিণত হয়েছে।
স্থানীয় কলেজশিক্ষক সাইফুদ্দিন আহমেদ বলেন, শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও চিত্তবিনোদন খুবই প্রয়োজন। এতে শিশুর মানসিক বিকাশ ঘটে। আর খেলাধুলার অভাবে শিশু-কিশোরদের বিপথগামী হওয়ার আশঙ্কা থাকে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘শিশুপার্কটি নিয়ে জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে আলোচনা করেছি। এ মাসের (মার্চ) শেষে সুধীজনদের নিয়ে শিশুপার্কের কী কী উন্নয়ন করা যায়, তা নিয়ে আলোচনা করা হবে।’