মানিকগঞ্জে যুবদলের দুই পক্ষের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা
মানিকগঞ্জে পুলিশের বাধায় গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল করতে পারেননি জেলা যুবদলের নেতা-কর্মীরা। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীদের ছোড়া ইটের আঘাতে পুলিশের এক কর্মকর্তা আহত হয়েছেন। এ ব্যাপারে পুলিশ অন্তত ৮০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জেলা যুবদলের দুই পক্ষের নেতা-কর্মীরা পৃথকভাবে গতকাল দুপুরে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সমর্থক যুবদলের নেতা-কর্মীরা শহরের খালপাড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরে দলীয় কার্যালয়ের সামনে পৌঁছালে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে মিছিলের পেছনের দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। ইটের আঘাতে সদর থানার উপপরিদর্শক (এসআই) হামিদুর রহমান আহত হন। পরে পুলিশ ধাওয়া দিলে নেতা-কর্মীরা পিছু হটে জেলা কালেক্টরেট ভবনের সামনে জড়ো হয়ে সমাবেশ করেন। অন্যদিকে বেলা সাড়ে ১২টার দিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আফরোজা খানের সমর্থক যুবদলের নেতা-কর্মীরা শহরে দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে প্রেসক্লাবের সামনে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময়ও পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে।