মানিকগঞ্জে যুবদলের প্রতিবাদ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আসামি করে অভিযোগপত্র দেওয়ার প্রতিবাদে গতকাল মঙ্গলবার মানিকগঞ্জে প্রতিবাদ সভা করেছে জেলা যুবদল।
সংগঠন সূত্রে জানা গেছে, কুমিল্লার একটি গাড়ি পোড়ানো মামলায় খালেদা জিয়াকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। এর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বেলা ১১টা থেকে জেলা শহরে দলীয় কার্যালয়ে দুই ঘণ্টাব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী রায়হান উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি আবদুল বাতেন, জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন, জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি আওলাদ হোসেন প্রমুখ।
কাজী রায়হান উদ্দিন বলেন, বর্তমান সরকার গায়ের জোরে ক্ষমতায় টিকে আছে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এসব মামলায় আদালতে অভিযোগপত্রও দেওয়া হয়েছে। বিএনপিকে আগামী নির্বাচন থেকে দূরে রাখতেই দলের চেয়ারপারসনের বিরুদ্ধে এসব মিথ্যা মামলা ও অভিযোগপত্র দেওয়া হচ্ছে। তিনি ‘মিথ্যা ও হয়রানিমূলক’ এসব মামলা প্রত্যাহারের দাবি জানান।