মানিকগঞ্জে রবিউল করিম স্মৃতি ভলিবল টুর্নামেন্ট শুরু
মানিকগঞ্জে রবিউল করিম স্মৃতি ভলিবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল শনিবার বিকেলে সদর উপজেলার কাটিগ্রাম স্পোর্টিং ক্লাবের মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন রবিউল করিমের ছোট ভাই শামসুজ্জামান শামস। গত বছর রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত হন এসি রবিউল করিম।
কাটিগ্রাম স্পোর্টিং ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করেছে। কাটিগ্রাম স্পোর্টিং ক্লাবের সভাপতি বুলবুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিপ্লব হোসেন ও আটিগ্রাম ইউপির চেয়ারম্যান নুর এ আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে শামসুজ্জামান শামস বলেন, রবিউল করিম কোনো একক পরিবারের সন্তান নন, তিনি বাংলাদেশের সন্তান। রবিউল করিমের যে আত্মত্যাগের শিক্ষা, তা তিনি কাটিগ্রামবাসীর স্নেহ ও ভালোবাসার কারণে পেয়েছেন। রবিউল করিম যে সমাজসেবামূলক কাজগুলো শুরু করেছিলেন, সবার সহযোগিতায় সেগুলো বাস্তবায়ন করা সম্ভব।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, আট দলের অংশগ্রহণে টুর্নামেন্টের প্রথম খেলা কালামপুর ফ্রেন্ডস একাদশ ও বায়রা স্পোর্টিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়।
খেলায় কালামপুর ফ্রেন্ডস একাদশ বায়রা স্পোর্টিং ক্লাবকে হারায়। পর্যায়ক্রমে মানিকগঞ্জ জেলা পুলিশ একাদশ, মধ্য
কৃষ্ণপুর বনানী যুব সংঘ, সুলধন একাদশ, গড়পাড়া আবুল বাশার স্মৃতি সংঘ, ধামরাই একাদশ ও সিরাজগঞ্জের যমুনা স্পোর্টিং ক্লাব খেলায় অংশ নেবে।