মানিকগঞ্জে রবিউল করিম স্মৃতি ভলিবলে চ্যাম্পিয়ন পুলিশ সংঘ
মানিকগঞ্জে রবিউল করিম স্মৃতি ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ইরতা তরুণ সংঘকে হারিয়ে পুলিশ একাদশ বিজয়ী হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সদর উপজেলার কাটিগ্রাম স্পোর্টিং ক্লাবের মাঠে ফাইনাল খেলার উদ্বোধন করেন রবিউল করিমের ভাই শামসুজ্জামান শামস।
গত বছর রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত হন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। গত ৪ ফেব্রুয়ারি এই টুর্নামেন্ট শুরু হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহফুজুর রহমান। তিনি বলেন, রবিউল করিম দেশের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। তিনি যে আত্মত্যাগের শিক্ষা দিয়ে গেছেন, তা কেবল পুলিশ বাহিনী নয়, সাধারণ মানুষের মাঝে বেঁচে থাকবেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কাটিগ্রাম স্পোর্টিং ক্লাবে সভাপতি বুলবুল আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, কাটিগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিপ্লব হোসেন সেলিম, আটিগ্রাম ইউপির চেয়ারম্যান নূরে আলম প্রমুখ।