মানিকগঞ্জে রাস্তা উন্মুক্ত রাখার দাবিতে বিক্ষোভ
মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের পৌর কাঁচাবাজারে বিভিন্ন মালামাল আনা-নেওয়ার রাস্তা (গলি) উন্মুক্ত রাখার দাবিতে ব্যবসায়ীরা গতকাল বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন৷ এর আগে একই দাবিতে তাঁরা জেলা প্রশাসক ও পৌরসভার মেয়রের কাছে লিখিত আবেদন করেন৷
ব্যবসায়ীরা জানান, বাসস্ট্যান্ড এলাকায় পৌর সুপার মার্কেট ও পৌর কাঁচাবাজার মার্কেটের মধ্যে ১৪৪ ফুট লম্বা ও ১৮ ফুট চওড়া একটি গলি রয়েছে৷ পৌর সুপার মার্কেটের তৃতীয় তলায় ‘সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতাল ও রিসার্চ সেন্টার’ নামের একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্র খোলা হচ্ছে৷ ওই চিকিৎসাকেন্দ্রের জন্য ওই গলিতে পৌর কর্তৃপক্ষ সিঁড়ি নির্মাণের উদ্যোগ নিলে গতকাল বেলা ১১টার দিকে ব্যবসায়ীরা বাধা দেন৷ ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে উঠলে পৌর কর্তৃপক্ষের লোকজন চলে যান৷ এরপর দুপুর ১২টার দিকে কয়েক শ ব্যবসায়ী ওই গলিতে বিক্ষোভ করতে থাকেন৷ এরপর একটা পর্যন্ত ওই গলির সামনে শহীদ সরণিতে মানববন্ধন করেন৷
মানববন্ধনে পৌর কাঁচাবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল আলীম বলেন, পৌর কর্তৃপক্ষ ওই ক্লিনিক কর্তৃপক্ষের কাছ থেকে ৮৬ লাখ টাকা নিয়ে সম্পূর্ণ নকশাবহির্ভূতভাবে গলিতে সিঁড়ি নির্মাণের উদ্যোগ নেয়৷ গলি দখল হয়ে গেলে বাজার ও এর আশপাশের দোকানে মালামাল আনা-নেওয়া প্রায় বন্ধ হয়ে যাবে৷ এতে ব্যবসায়ী ও ক্রেতাদের সমস্যায় পড়তে হবে৷
এ ব্যাপারে পৌরসভার নির্বাহী প্রকৌশলী বিল্লাল হোসেন বলেন, সিঁড়ি নির্মাণের জন্য ক্লিনিক কর্তৃপক্ষের কাছ থেকে কোনো অর্থ নেওয়া হয়নি৷ ক্লিনিক কর্তৃপক্ষই নিজ খরচে ওই সিঁড়ি নির্মাণ করবে৷
যোগাযোগ করা হলে মেয়র মো. রমজান আলী বলেন, যাতায়াতের রাস্তা রেখে সিঁড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়৷ উভয় পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধান করা হবে৷