মানিকগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন হয়নি, ১৪৪ ধারা জারি
রেড ক্রিসেন্ট সোসাইটি মানিকগঞ্জ জেলা শাখার নির্বাচন গতকাল শনিবার হয়নি। জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এ নির্বাচন হওয়ার কথা থাকলেও দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কায় প্রশাসন ওই কার্যালয় ও তার আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদার সমর্থন নিয়ে সদর উপজেলা আ.লীগের সভাপতি জালাল উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক এবং জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক হায়দার আলী সহসভাপতি পদে মনোয়নপত্র জমা দেন। অপরদিকে স্থানীয় সাংসদ জাহিদ মালেকের সমর্থন নিয়ে জেলা আ. লীগের ধর্মবিষয়ক সম্পাদক ইসরাফিল হোসেন সাধারণ সম্পাদক এবং সাইফুল ইসলাম সহসভাপতি পদে মনোয়নপত্র জমা দেন। কিন্তু ভোটার তালিকায় নাম না থাকায় সাইফুল ইসলামের মনোয়নপত্র বাতিল হয়ে যায়। এর পর থেকেই জেলা আওয়ামী লীগের বিরোধ মাথাচাড়া দিয়ে ওঠে। গত শুক্রবার রাতে বিরোধ মেটাতে দলের জেলাপর্যায়ের নেতারা সমঝোতা বৈঠকে বসলেও কোনো সিদ্ধান্ত ছাড়াই তা শেষ হয়। এরপর পরই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সমথর্েকরা নির্বাচনের পক্ষে এবং সাংসদের সমর্থকেরা বিপক্ষে মাইকিং করেন। উদ্ভূত পরিস্থিতিতে প্রশাসন গতকাল সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত মানিকগঞ্জ আইনজীবী সমিতি ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা বলেন, ‘সাংসদ নিজের প্রার্থীদের বিজয়ী করতেই প্রশাসনকে দিয়ে ১৪৪ ধারা জারি করিয়েছেন। এ ব্যাপারে সাংসদ জাহেদ মালেকের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ব্যক্তিগত সহকারী শামসুল হক বলেন, ‘স্যার মিটিংয়ে আছেন, এখন কথা বলতে পারবেন না।’ জেলা প্রশাসক জি এম সালেহ উদ্দিন প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।