মানিকগঞ্জে রেললাইনের দাবি

ঢাকা-মানিকগঞ্জ-পাটুরিয়া পথে রেললাইনের দাবিতে গতকাল বুধবার দুপুরে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মানিকগঞ্জ প্রেসক্লাব ও বেসরকারি গবেষণামূলক প্রতিষ্ঠান বারসিক যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের চার শতাধিক সদস্য অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাট হয়ে রাজধানী ঢাকায় যাতায়াত করেন। ঢাকা-মানিকগঞ্জ-পাটুরিয়ায় রেললাইন স্থাপন করলে কেবল মানিকগঞ্জবাসীই নন, দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষও ঢাকায় সহজে যাতায়াত করতে পারবেন।
বক্তারা বলেন, ঢাকার কাছের জেলা হওয়া সত্ত্বেও মানিকগঞ্জে রেললাইন নেই। দীর্ঘদিন ধরে মানিকগঞ্জবাসী ঢাকা-মানিকগঞ্জ-পাটুরিয়া পথে রেললাইন স্থাপনের দাবি করে আসছেন। এ নিয়ে একাধিকবার মানববন্ধন ও সভা-সেমিনার করা হলেও রেললাইন স্থাপনে কোনো অগ্রগতি নেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
বেলা সাড়ে ১১টা থেকে দেড় ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার। বক্তব্য দেন ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি দীপক ঘোষ, স্থানীয় নালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আখতারুজ্জামান খান, মুক্তিযোদ্ধা শংকর প্রসাদ ভৌমিক প্রমুখ।