মানিকগঞ্জে শতবর্ষী খাল ভরাট করে দখল
মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের শতবর্ষী তেরদোনা খাল দখল করে সেখানে মাটি ফেলে ভরাট করা হচ্ছে। এতে খালে পানিপ্রবাহ বন্ধ হয়ে সেচে সমস্যা হবে। বর্ষা মৌসুমে পানি বের হতে না পেরে সৃষ্টি হবে জলাবদ্ধতার। খাল দখলমুক্ত করতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। এলাকাবাসীর অনেকে জানান, বেতিলা-মিতরা ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া কালীগঙ্গা নদীর সঙ্গে শতবর্ষী ওই খালটি সংযুক্ত। বছরের তিন-চার মাস খালে পানি থাকে। ওই সময় কৃষকেরা ফসলের খেতে খালের পানি ব্যবহার করেন। এক সপ্তাহ ধরে স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের রহমত আলী খালের বেশ কিছু অংশ দখল করে মাটি ফেলে ভরাট করছেন।সম্প্রতি সরেজমিনে দেখা যায়, খালটির বেশ কিছু অংশে সামান্য মাটি ফেলে সিমেন্টের পাইপ বসানো হয়েছে। পাইপগুলোর জোড়া অংশে সিমেন্ট দিয়ে আটকানোর কাজে ব্যস্ত সাত-আটজন শ্রমিক।তালিমাবাদ গ্রামের কৃষক লুৎফর রহমান, তেরদোনা গ্রামের আজাহার মিয়া ও দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের বাচ্চু মিয়াসহ আরও অনেকেই জানান, খালটির আশপাশে কমপক্ষে দুই হাজার বিঘা ফসলি জমি রয়েছে। খালটি ভরাট হলে পানিপ্রবাহ বন্ধ হয়ে তিন ফসলি জমি এক ফসলি জমিতে পরিণত হবে। বর্ষা মৌসুমে পানি বের হতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে চাষাবাদে ব্যাঘাত ঘটবে।তবে খালটি ব্যক্তিমালিকানার বলে দাবি করেছেন রহমত আলীর ছেলে মো. করিম মিয়া। তিনি বলেন, ‘১৯৮৬ সালে স্থানীয় আবদুল জলিলের কাছ থেকে আমরা খালের ৩৫ শতক জমি কিনেছি। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের অনুমতি নিয়েই আমাদের কেনা জমি ভরাট করছি। এতে প্রায় দুই লাখ টাকা খরচ হয়েছে। ভরাট করার পর সেখানে বসতবাড়ি নির্মাণ করা হবে। বাড়ির পানি নিষ্কাশনের জন্য পাইপ বসানো হচ্ছে।’ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এলাকাবাসীর কোনো সমস্যা না হলে খালটি ভরাট করা যেতে পারে বলে তাঁদের জানিয়েছি। এলাকাবাসী কেউ সমস্যার কথা জানায়নি। জানালে খাল ভরাট বন্ধে সংশ্লিষ্টদের নিষেধ করা হবে।’বেতিলা-মিতরা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, ‘দক্ষিণ কৃষ্ণপুর মৌজায় ৫৮ দাগে খাস খতিয়ানভুক্ত জমিতে খালটি অবস্থিত। খালের পাশে ৫৫ দাগে ব্যক্তিমালিকানাধীন জমি রয়েছে। খাল ভরাটের বিষয়টি খোঁজখবর নিয়ে দেখব।’সদরের ইউএনও এ কে এম মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ‘খাল ভরাট বন্ধে এলাকাবাসীর লিখিত অভিযোগ পেয়েছি। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে খালটি ভরাট বন্ধে এবং পাইপগুলো জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে।’