মানিকগঞ্জে শিক্ষকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ বিভিন্ন সুযোগ-সুবিধার দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন করেছেন শিক্ষকেরা। গতকাল রোববার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, শিক্ষকদের জীবনমান উন্নয়নে শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ শিক্ষক-কর্মচারীদের ৫ শতাংশ বেতন বৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা দেওয়ার দাবি বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষকে যথাযথ উদ্যোগ নিতে হবে।

গতকাল দুপুর ১২টার দিকে ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলার সাতটি উপজেলার এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষক অংশ নেন। এতে শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতি কাশীনাথ সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন শিক্ষক সমিতির জেলা শাখার সহসভাপতি আবদুল মজিদ মোল্লা, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সমিতির শিবালয় উপজেলার সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ।

মজিবুর রহমান বলেন, শিক্ষাক্ষেত্রে বৈষম্য এখনো রয়ে গেছে। এ বৈষম্য দূর করে শিক্ষাব্যবস্থাকে জাতীয়করণ করতে হবে। সরকারি ও বেসরকারি বৈষম্য দূর করে শিক্ষকদের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।