মানিকগঞ্জে শিক্ষকের বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকিজোরা গ্রামে গত রোববার রাতে স্কুলশিক্ষক মো. আলাউদ্দিনের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদের গুলিতে ও ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্তা, তাঁর ছেলে ও মেয়ে আহত হন। স্কুলশিক্ষক জানিয়েছেন, ডাকাতেরা ২০ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ অর্থ ও মালামাল লুটে নিয়েছে।পুলিশ ও এলাকাবাসী জানান, রোববার রাত দেড়টার দিকে ১৫ থেকে ২০ জনের একদল ডাকাত স্থানীয় ঢাকিজোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দিনের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা দরজা ভেঙে ঘরের ভেতর ঢুকে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভাঙতে শুরু করে। ওই সময় গৃহকর্তার ছেলে শেখ ফরিদ বাধা দিলে ডাকাতেরা তাঁকে লক্ষ্য করে গুলি করে। ফরিদ পায়ে, পিঠে ও পেটে গুলিবিদ্ধ হন। এরপর ডাকাতেরা আলাউদ্দিন ও তাঁর মেয়ে কানিজ ফাতেমাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে তারা আলমারি ভেঙে ২০ ভরি স্বর্ণালংকার, ৬০ হাজার টাকা ও অন্যান্য মালামাল নিয়ে যায়।গুলিবিদ্ধ ফরিদকে রাতেই প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। কানিজকে ভর্তি করা হয়েছে মানিকগঞ্জ সদর হাসপাতালে। গৃহকর্তা আলাউদ্দিন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।শিক্ষক আলাউদ্দিন জানান, ডাকাতেরা ঘরে ঢুকেই অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে ফেলে। এ কারণে তাঁরা প্রতিবেশীদের জানাতে পারেননি। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ডাকাতি ও গুলির বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত কেউ মামলা করতে থানায় আসেননি।