মানিকগঞ্জে শিক্ষকের মুক্তির দাবিতেমানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ছয় মাসের কারাদণ্ড পাওয়া এক শিক্ষকের মুক্তির দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা মানববন্ধন করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে শহীদ রফিক সড়কে ওই মানববন্ধন হয়।

এ সময় বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য গাজী আবদুল হাই, সাটুরিয়া উপজেলার সভাপতি মো. রোকনুজ্জামান, সহসভাপতি ফরিদা পারভীন ও সাধারণ সম্পাদক মজিবর রহমান।

বক্তারা বলেন, শ্রেণীকক্ষে পড়া না পারায় সাটুরিয়ার জালশুকা-নাশরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষক চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর মাথায় থাপড় দেন। এই ঘটনায় স্থানীয় একটি স্বার্থান্বেষী মহল ওই শিক্ষকের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় মহলটি মেয়ের বাবাকে দিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনওর) কাছে মিথ্যা অভিযোগ দেয়। ওই অভিযোগের ভিত্তিতেই ২০ জুন ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই শিক্ষককে ছয় মাসের কারাদণ্ড দেন।

এ ব্যাপারে সাটুরিয়ার ইউএনও শাহীন আখতার বলেন, ‘সাক্ষ্য-প্রমাণাদির ভিত্তিতেই আদালত রায় দিয়েছেন। এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষকের পরিবারের কোনো আপত্তি থাকলে তারা আপিল করতে পারে।’